রবিবার সকালেই চাঁদনি চক এলাকায় সিএসসি অফিসের কাছে ট্রান্সফর্মারে আগুন ও বিস্ফোরণ। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্ক ছড়ায় এলাকায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 November 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার সকালে চাঁদনি চক এলাকায় সিএসসি (CESC) অফিসের কাছে একটি ট্রান্সফর্মারে আগুন লাগা এবং বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, রবিবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ওই ট্রান্সফর্মারে হঠাৎ আগুন ধরে যায়। এর পরেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা শুনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত আগুন ছড়াতে থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৯টা পর্যন্তও পুরোপুরি আগুন নেভেনি। দমকল সূত্রে খবর, কোথাও কোথাও চাপা আগুন থাকতে পারে, সেই আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলার কাজ চলছে।
কীভাবে সাতসকালে ওই ট্রান্সফর্মারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের মতে, দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, না হলে এটি বড়সড় বিপদে পরিণত হতে পারত। বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ছিল। দমকলকর্মীদের প্রচেষ্টায় বড় কোনও অঘটন ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার ১০টা নাগাদ লালবাজারের কাছে আরএন মুখার্জি রোডের একটি গুদামে এই আগুন লাগে। জানা গিয়েছে, গুদামটি গাড়ির যন্ত্রাংশ মজুত করা ছিল। শুধু তাই নয়, একাধিক দাহ্য পদার্থ মজুত করা ছিল বলেও দাবি দমকল আধিকারিকদের। আগুন মুহূর্তে ভয়ংকর আকার নেয়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। শুধু তাই নয়, বিভিন্ন রাসায়নিক রাখা ছিল বলেও অনুমান।