মনে করা হচ্ছে এই বৈঠকের বিষয়বস্তু সামনের লোকসভায়-রাজ্যসভায় সাংসদরা কী করবেন না করবেন, তার একটা রূপরেখা ঠিক করে দেবেন তিনি।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 August 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা (Assembly Election) নির্বাচনের বেশি দেরি নেই। নীল বাড়ির (Nabanna) ক্ষমতা ধরে রাখতে কোমর বেঁধে নেমে পড়েছেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। আগামিকাল, সোমবার সাংসদদের নিয়ে নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনে করা হচ্ছে এই বৈঠকের বিষয়বস্তু সামনের লোকসভায়-রাজ্যসভায় সাংসদরা কী করবেন না করবেন, তার একটা রূপরেখা ঠিক করে দেবেন তিনি। তাছড়াও ভোটার তালিকায় এসআইআর নিয়েও আলোচনা অরতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, মমতার ডাকা এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বস্তুত, দলের ৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে ৫ অগস্ট ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। কাজেই, দিনপঞ্জি মোতাবেক ৪ তারিখ মমতার এবং ৫ অগস্ট অভিষেকের ব্যাক টু ব্যাক বৈঠক আসন্ন বিধানসভা নির্বাচনের একটা ব্লুপ্রিন্ট অবশ্যই।
রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে তা শুরু হয়েছে ২ অগস্ট, শনিবার থেকে। সেই কর্মসূচিতেও সংগঠনকে পুরোদস্তুর নামিয়েছে তৃণমূল।
অভিষেকের বৈঠক থেকে সেই সংক্রান্ত বার্তাও থাকতে পারে। দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।
পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠকে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে।
অভিষেকের বৈঠকের আগে মমতার সাংসদদের নিয়ে বৈঠকও এই পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হতে পারে।