
মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 29 November 2024 21:56
দ্য ওয়াল ব্যুরো: আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে শুক্রবার আলিপুরের ‘সৌজন্য’-এ একাধিক শিল্পপতিদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। খেলোয়াড় হিসেবে নয়, একজন শিল্পোদ্যোগী হিসেবে।
বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের বার্তা দিতে প্রতিবারের মতো এবারও আগামী বছরের ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন। সেই প্রেক্ষিতে শুক্রবার রাজধানী দিল্লিতে শিল্প মহলকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মিসেস বন্দনা যাদব-সহ পদস্থ কর্তারা। বৈঠকে ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতি এবং বণিক সভার সদস্যরাও।
এদিকে আলিপুরের সৌজন্য-এও মুখ্যমন্ত্রী আলাদা বৈঠক করেছেন। সেই বৈঠক সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, বাংলার জন্য বিনিয়োগের পথ আরও প্রশস্ত করতেই এই বৈঠক। আশা করছেন, আগামী বছরের বাণিজ্য সম্মেলন সফল হবে এবং রাজ্যে নতুন বিনিয়োগ আসবে।
Today evening, met at our 'Soujonyo' auditorium the leading industrialists of the country and the apex functionaries of the National Chambers of Commerce along with the career diplomats of various countries in the city to get prepared for the ensuing Bengal Global Business… pic.twitter.com/6QkbLVL4ma
— Mamata Banerjee (@MamataOfficial) November 29, 2024
প্রসঙ্গত, গতবারে বিজিবিএস সম্মেলনে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া-সহ ১৭টি দেশের ৪০০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ছিলেন ১৫ জন রাষ্ট্রদূতও। নবান্ন সূত্রের খবর, এর আগে ৬টি শিল্প সম্মেলনে ১৫ লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে। যার মধ্যে ১০ লক্ষ কোটি টাকারও বেশি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে।