বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ ওড়িশায় ঢুকছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ শহরতলিতে জল জমে ভোগান্তির আশঙ্কা।
.jpeg.webp)
ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 3 September 2025 08:22
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভূমিতে ঢুকছে আজ, বুধবার। আবহাওয়া দফতর জানিয়েছে, এটি ওড়িশার উপকূল দিয়ে প্রবেশ করবে। তবে পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছ দিয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে।
সোমবার রাত থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, রবিবার ৭ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও চলছে বৃষ্টি। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সোমবার গভীর রাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সেই মেঘেই হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। আবহাওয়া দফতরের এক অধিকর্তা জানান, নিম্নচাপ থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছিল বায়ুমণ্ডলে। তার সঙ্গে দিনের চড়া রোদে তৈরি হয় ঘনীভূত মেঘ। ফলে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয় একাধিক জেলায়।
২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে- ১২০ মিমি। হাওড়ার আমতায় ১০০ মিমি। ক্যানিং, কাঁথি, মন্তেশ্বরে ৮০ মিমি। ডায়মন্ডহারবার, দুর্গাপুর, উলুবেড়িয়া, আমতলা- সব জায়গায় ৭০ মিমি বৃষ্টি হয়েছে। কলকাতার আলিপুরে ৩৯.১ মিমি, দমদমে ২৮.৮ মিমি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপ কিছুটা শক্তি বাড়াবে। তবে গভীর নিম্নচাপে রূপ নেবে না। পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে এটি ঢুকবে ওড়িশায়। ফলে আগামী কয়েকদিন সেখানেই বেশি বৃষ্টি হবে।