
শেষ আপডেট: 31 October 2023 10:27
দ্য ওয়াল ব্যুরো: টেলিগ্রামেও প্রতারণার ফাঁদ? ভুয়ো লিঙ্কে ক্লিক করলেই বেহাত হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। শহরজুড়ে এমন ঘটনার শিকার হয়েছে অনেক তরুণ-তরুণী। টেলিগ্রামে প্রতারণার জালে জড়িয়ে অনেকেরই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।
কলকাতা পুলিশ জানাচ্ছে, সাইবার জালিয়াতি (Cyber Crime) সাঙ্ঘাতিকভাবে বেড়ে গেছে। প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন সাধারণ মানুষ। কেউ আবার অজান্তেই সাইবার অপরাধে জড়িয়ে পড়ছেন। ডার্ক ওয়েবের জাঁতাকলে ফেঁসে যাচ্ছেন। ম্প্রতিক একটি সমীক্ষা বলছে, সারা দেশের বিভিন্ন শহরে যতবার সাইবার প্রতারণার জাল বিছানো হয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা।
ব্যবহারকারীদের অজান্তেই বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের আইডি-পাসওয়ার্ড। আর সেখান থেকেই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগ জানাচ্ছে, বন্ধু বা আত্মীয়দের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো মেসেজ লিঙ্ক দেখে ক্লিক করেছেন অনেকে। আর তারপরেই দেখা গেছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরে দেখা গেছে তাঁর কোনও বন্ধু বা আত্মীয়ের থেকে সেইসব লিঙ্ক আসেনি। কারণ তাঁদের প্রোফাইলও হ্যাক হয়েছে। জালিয়াতরা সেইসব প্রোফাইল থেকেই ভুয়ো লিঙ্ক পাঠাচ্ছে চারদিকে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। অতিলোভের জালে ফেঁসে অনেকে সেখানে বিনিয়োগও করছেন। একটা সময় পর্যন্ত লাভের মুখও দেখছেন তাঁরা। তারপর সর্বস্ব খুইয়েছেন।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ঘরে বসে অতিরিক্ত আয়ের প্রলোভন দিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকেরা। প্রাথমিক ভাবে হয়তো কেউ দেখলেন, তিনি কিছু উপার্জন করেছেন। এর পরে অতিরিক্ত আয়ের জন্য বিভিন্ন কৌশলে তাঁকে ফাঁদে পা দিতে বাধ্য করা হবে। সেখান থেকে কিছু টাকা এলে তা বিনিয়োগ করার কথা বলা হবে। ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করার কথাও বলতে পারে। এ ভাবে বহু টাকা যখন বিনিয়োগ হয়ে যাবে, তখন হয়তো দেখা যাবে, সেই সংস্থাটির কোনও অস্তিত্বই নেই।
কলকাতা পুলিশ জানাচ্ছে, অজানা নম্বর থেকে কোনও লিঙ্ক এলে বা ইমেল করা হলে তা একেবারেই খুলে দেখবেন না। জানবেন এগুলো সবই কন্ট্রোল করছে কোনও না কোনও হ্যাকাররা। যে মুহূর্তে আপনি লিঙ্ক খুলবেন বা প্রতারকদের পাঠানো কোনও ফর্ম ভরে টাকা দিতে যাবেন, সেই মুহূর্তে আপনার নাম, ঠিকানা, ব্য়াঙ্ক ডিটেলস সহ যাবতীয় তথ্য হ্যাকারদের কাছে পৌঁছে যাবে।