
শেষ আপডেট: 15 November 2023 07:37
দ্য ওয়াল ব্যুরো: শরীরের এক অংশের চামড়া বা কোষ নিয়ে অন্য অংশের ক্ষত সারানো এখন আর নতুন কিছু নয়। বিদেশে এমন অপারেশন আগে থেকেই হচ্ছে। এবার কলকাতার পিজি হাসপাতালেও তেমন মাইক্রোসার্জারি শুরু হল। সূত্রের খবর, পায়ের হাড় থেকে কৃত্রিম চোয়াল তৈরি হচ্ছে পিজিতে। শুধু তাই নয়, মুখগহ্বরের ক্যানসারের কারণে জিভ, চোয়াল, ঠোঁট বাদ গেলেও রোগীর শরীরেরই অন্য অঙ্গের কোষ নিয়ে তা কৃত্রিমভাবে তৈরি করে ফেলা যাচ্ছে।
বিদেশে এই ধরনের সার্জারির খরচ কোটি কোটি টাকা। কিন্তু কলকাতার হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে এমন অপারেশন করে রোগীদের নতুন জীবন দিচ্ছে। পিজি হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তার শহিদুল ইসলাম এই অপারেশন করছেন।
পায়ের দুটি হাড় টিবিয়া ও ফিবিউলা। এই ফিবিউলা হাড় কেটেই তৈরি হচ্ছে কৃত্রিম চোয়াল। হাত ও উরুর চামড়া দিয়ে তৈরি হচ্ছে নতুন জিভ ও ঠোঁট। মুখ ও গলার ক্যানসারের রোগীদের গালের মাংস ক্ষয়ে যেতে থাকে, বড় গর্ত তৈরি হয়। সেখানেও ঊরুর পেশির অংশ নিয়ে তৈরি হচ্ছে নতুন ফ্ল্যাপ। একেবারেই আসল গালের মতো তা লাগিয়ে দেওয়া হচ্ছে।
ডাক্তারবাবুরা জানাচ্ছেন, হাড়ের অংশ কেটে কৃত্রিম চোয়াল শুধু তৈরি করে লাগিয়ে দিলেই হয় না, সেখানে রক্তপ্রবাহ আগের মতো হচ্ছে কিনা সেটাও দেখতে হয়। এই দুই প্রক্রিয়াই একসঙ্গে করা খুবই জটিল। একে বলে মাইক্রোভাসকুলার সার্জারি। ডাক্তারবাবুরা বলছেন, চোয়াল পুনর্গঠনের এই অপারেশন জটিল ও ব্যয়সাপেক্ষ। এতদিন পিজির প্লাস্টিক সার্জারি বিভাগেই এমন অপারেশন হত। এখন হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে বিনামূল্যে এমন সার্জারি হচ্ছে। বিভাগীয় প্রধান ডা. অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে বিশ্বমানের অপারেশন হচ্ছে পিজিতে। আড়াই মাসে এমন ৯টি অপারেশন হয়েছে।