
শেষ আপডেট: 20 March 2024 09:09
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে কলকাতার গার্ডেনরিচে ঝুপড়ির উপরে ভেঙে পড়ে বহুতল। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, তা মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের আনাচেকানাচে এমন বেআইনি নির্মাণের বিপদ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে গার্ডেনরিচের এই দুর্ঘটনা। আর এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। বেআইনি নির্মাণ রুখতে তৎপর হয়েছে পুরসভা।
কীভাবে পুর কর্তৃপক্ষের নজর এড়িয়ে বহুতল নির্মাণ হচ্ছিল, গার্ডেনরিচ কাণ্ডের পর থেকে তা নিয়েই কলকাতা পুরসভা ও প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। স্থানীয় কাউন্সিলর সহ মেয়রের দিকেও প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশেষে টনক নড়েছে পুরসভার। বেআইনি নির্মাণ আটকাতে বিল্ডিং বিভাগের আধিকারিকদের জন্য জারি হয়েছে নতুন নির্দেশিকা।
কলকাতা পুরসভা সূত্রের খবর, বিল্ডিং বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এবার থেকে কাজের শুরুতে অর্থাৎ ডিউটির প্রথমার্ধে নিজেদের ওয়ার্ডে ঘুরবেন। কোথায়-কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে তা খতিয়ে দেখবেন। এরপর সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট বোরোতে জমা দিতে হবে। এই মর্মে পুরসভার তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, ডিউটির দ্বিতীয়ার্ধে পুরসভায় অফিসে ফিরে আসবেন ইঞ্জিনিয়ররা। তারপর তাঁদের নথি সংক্রান্ত কাজ করতে হবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়াররা নিজেদের ওয়ার্ডে যাচ্ছেন কিনা তার নজরদারি করবেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ররা।
উল্লেখ্য, দুর্ঘটনার জন্য প্রথম থেকেই কাউন্সিলরকে দোষ দিতে রাজি ছিলেন না মেয়র। উল্টে দায়ভার চাপিয়েছেন বিল্ডিং বিভাগের উপর। এমনকী পুরসভার বিল্ডিং বিভাগের চার অফিসারকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছ। যাদের মধ্যে রয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বাকি তিন জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।