
প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 May 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে কম চলবে মেট্রো। আগামী সোমবার, ১২ মে বুদ্ধপূর্ণিমা (Kolkata Metro Service on Buddha Purnima)। তার আগে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ছুটির দিনে মেট্রো পথেই কোথাও যাওয়ার প্ল্যান, তাহলে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
অন্যান্য দিনগুলিতে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ২৬২ টি মেট্রো চলাচল করে। তবে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ছুটির দিন হওয়ায় ২৬ টি মেট্রো কম চলবে। সোমবার আপ ও ডাউন লাইনে ১১৮ টি করে, মোট ২৩৬ টি মেট্রো চলবে।
দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হয়নি। সোমবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৬ টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে ৬ টা ৫৫ মিনিটে। যাত্রীরা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাবেন রাত সাড়ে ৯ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে রাত ৯ টা ৪০ মিনিটে দমদমের (Dum Dum Metro) শেষ মেট্রো ছাড়বে।
এছাড়া, রাত ১০ টা ৪০ মিনিটে ব্লু লাইনে (Metro Blue Line) কবি সুভাষ এবং দমদম থেকে যে স্পেশাল মেট্রো চালানো হয়, তারও কোনও পরিবর্তন হয়নি। সোমবার গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।
এদিকে মেট্রো নিয়ে বড় খবর ইতিমধ্যেই সামনে এসেছে। আগামী সপ্তাহ থেকেই জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে (Joka-Majherhat Metro) ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১৩ মে (মঙ্গলবার) থেকে পার্পেল লাইনে মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি ট্রেন চলবে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। ২৪ মিনিট অন্তর অন্তর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সোমবার থেকে শুক্রবার যেমন পরিষেবা দেওয়া হয়, তেমনই দেওয়া হবে। শনি ও রবিবার এই লাইনে মেট্রো বন্ধ। প্রসঙ্গত, এতদিন আপ-ডাউন মিলিয়ে ৪০টি মেট্রো চলত জোকা-মাঝেরহাট লাইনে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৮টা ২৭ মিনিটে। মঙ্গলবার থেকে তা ছাড়বে ৭টা ৫৭ মিনিটে। জোকা থেকে প্রথম মেট্রো সাড়ে ৮টার বদলে ছাড়বে সকাল ৮টা থেকে। অন্যদিকে, শেষ মেট্রো মাঝেরহাট স্টেশন থেকে ছাড়ত ৩টে ২৮ মিনিটে। তা এখন থেকে ছাড়বে রাত ৮টায়। জোকার ক্ষেত্রেও একই সময় মেনে শেষ ট্রেন ছাড়ত। তারও পরিবর্তন হবে।