সোমবার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে একাধিক পিলারে ফাটল ধরা পড়ার কারণে। সুরক্ষার জন্য পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ আপডেট: 31 July 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার সকালে চাঁদনিচক মেট্রো স্টেশনে (Kolkata Metro Accident) একটি মেট্রো ঢোকার সময় হঠাৎ এক কামরার তলা থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
এদিন সকালে মেট্রোরটি শহীদ ক্ষুদিরাম স্টেশনের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। আগুনের ফুলকি দেখা মাত্রই পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে হাজির হন ইঞ্জিনিয়াররা। রেকটিকে কিছুক্ষণের মধ্যেই খালি করে দেওয়া হয়। বেশ কিছুটা সময় পরিষেবা ব্যাহত হয় এই কারণে।
পরবর্তী মেট্রোতে (Kolkata Metro) যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর খালি মেট্রোটিকে কারশেডে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে আগুনের ফুলকি বেরিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা।
সোমবার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে একাধিক পিলারে ফাটল ধরা পড়ার কারণে। সুরক্ষার জন্য পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সংক্রান্ত ই-টেন্ডার ইতিমধ্যেই প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
একদিকে কবি সুভাষ স্টেশন বন্ধ, অন্যদিকে চাঁদনি চকে আগুনের ঘটনা, একাধিক সমস্যা মেট্রো যাত্রায় প্রভাব ফেলছে! যাত্রীদের দুর্ভোগ কমছে না। নিরাপত্তা ঘিরে প্রশ্ন তুলছেন অনেকেই।