
প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 December 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় (Kolkata) নাবালিকাকে যৌন হেনস্থার (Molestation) অভিযোগ উঠল। সার্ভে পার্ক এলাকায় ১২ বছরের কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে এক জল ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ।
অভিযুক্ত প্রায়ই নাবালিকার বাড়িতে জল দিতে যেত বলে জানা গিয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জল দিতে গিয়েই নাবালিকাকে (Minor Molestation) যৌন নিগ্রহের অভিযোগ ওঠে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে।
গভীর রাতে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত জল ব্যবসায়ীকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই।
চলতি মাসের শুরুতেই খাস কলকাতার বিডন স্ট্রিটে মাত্র ৭ মাসের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শিশুটিকে ফুটপাথে শুয়ে অঝোরে কাঁদতে দেখে সন্দেহ হওয়ায় কয়েকজন এগিয়ে যান। তখন তাঁরা লক্ষ্য করেন শিশুটির যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। এরপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে হরিদেবপুরের একটি হস্টেলে নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। পাঁচ জন ছাত্রীর অভিভাবক এ বিষয়ে হস্টেল কর্তৃপক্ষকে জানালে হস্টেলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে হস্টেলের শিক্ষক-সহ তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ।