প্রায় ৭৩ হেক্টর জমিতে আধুনিক ময়লা ফেলার ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 10 September 2025 20:40
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা (Kolkata) শহরের ভবিষ্যৎ মাথায় রেখে ধাপার পাশেই তৈরি হচ্ছে নতুন ধাপা (Smart Garbage Dump, Dhapa)। দীর্ঘদিন ধরেই এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা চলছিল রাজ্য সরকারের আর্থিক সহায়তায়। তবে অর্থ দফতরের অনুমোদন এখনও না আসায় একক উদ্যোগেই বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। প্রায় ৭৩ হেক্টর জমিতে আধুনিক ময়লা ফেলার ব্যবস্থা তৈরি করতে চলেছে তারা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই জমিতে চাষ করা ৮৮৩ জনকে চিহ্নিত করা হয়েছে। সরকারি নিয়ম মেনে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেককে প্রতি কাঠা জমির জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ করা হয়েছে প্রায় সাড়ে ২৭ কোটি টাকা।
৮ সেপ্টেম্বর মেয়র পরিষদ বৈঠকে প্রস্তাবটি প্রথম পেশ করা হয়। বুধবার, ১০ সেপ্টেম্বর মাসিক অধিবেশনে আনুষ্ঠানিক ভাবে অনুমোদনও পেয়ে যায় এই প্রকল্প।
পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের তথ্য বলছে, কলকাতার ভাগাড়ে প্রতিদিন গড়পড়তা ৫২০০ মেট্রিক টন জঞ্জাল ফেলা হচ্ছে। তার মধ্যে শুধু হাওড়া পুরসভার ময়লাই প্রতিদিন আসছে প্রায় ৩০০ মেট্রিক টন। পাশাপাশি, বিধাননগর, দমদম, পানিহাটি এবং এনকেডিএ-র জঞ্জালও কলকাতার ধাপাতেই ফেলা হচ্ছে প্রতিদিন।
পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক বলেন, “নতুন ভাগাড় তৈরিতে গ্রিন ট্রাইবুনালের গাইডলাইন মেনে আধুনিক রিসাইক্লিং ব্যবস্থাই গড়ে তোলা হবে। কলকাতা পুরসভার নিজস্ব কারিগরি দক্ষতাই এই প্রকল্প সফল করে তুলবে।”
এক শীর্ষ পুরকর্তা বলেন, “এখনই কাজ শুরু না করলে বেলগাছিয়ার মতো সঙ্কট তৈরি হতে পারে। সেই বিপর্যয় রুখতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।”
স্থানীয় কাউন্সিলর ও বরো চেয়ারম্যানদের সঙ্গে একাধিক দফায় আলোচনার পর জমির চাষিরাও সম্মত হয়েছেন। “এই প্রকল্প শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে জরুরি—এ কথা স্থানীয়রাও বুঝেছেন,” বলছেন পুরসভার এক আধিকারিক।
পুরসভার এই পদক্ষেপ সাম্প্রতিক কালের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। শহরকে বাঁচাতে এবার নিজেই রাশ ধরছে পুরসভা।