নির্যাতিতার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভানেত্রী হওয়ার প্রস্তাব দিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করা হয়। এমনকি হাতজোড় করেও রেহাই পাননি।

গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 28 June 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: কসবার আইন কলেজে (Kasba Law College) এক আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের (,Calcutta High Court) দ্বারস্থ হলেন একাধিক আইনজীবী। হাইকোর্টের প্রধান বিচারপতিকে (Chief Justice) চিঠি লিখে ঘটনার সুষ্ঠু তদন্তের আর্জি জানানো হয়েছে।
আইনজীবীদের (Lawyers) পক্ষ থেকে প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই (CBI )তদন্তের দাবি তোলা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে তাঁদের রিপোর্ট তলব করার জন্য আবেদন জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “এই ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহলের যোগসূত্র রয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং নির্যাতিতার জন্য সুবিচার নিশ্চিত করতে এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া জরুরি।”
শনিবার এই চিঠি জমা পড়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতির নির্দেশের অপেক্ষায় রয়েছেন আইনজীবীরা। তাঁদের আশা, আগামী কয়েক দিনের মধ্যেই মামলাটি হাইকোর্টের নজরে আসবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কসবা ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় এবার কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করল পুলিশ। এর আগে শুক্রবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। তার মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। বাকি দুজন কলেজেরই বর্তমান পড়ুয়া জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়।
নির্যাতিতার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভানেত্রী হওয়ার প্রস্তাব দিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করা হয়। এমনকি হাতজোড় করেও রেহাই পাননি।