২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার জেরে (Post Poll Violence) কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Kankurgachi Case, Abhijit Sarkar) খুনের মামলায় বড় পদক্ষেপ আদালতের।

ফাইল ছবি।
শেষ আপডেট: 18 July 2025 22:43
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার জেরে (Post Poll Violence) কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Kankurgachi Case, Abhijit Sarkar) খুনের মামলায় বড় পদক্ষেপ ব্যাঙ্কশাল আদালতের।
কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার (AC) ও তৎকালীন নারকেলডাঙা থানার অফিসার ইন চার্জ (OC) শুভজিৎ সেন-সহ মোট চার জনকে ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জামিন খারিজ হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসার শুভজিৎ সেন এবং ‘সহযোগী’ সুজাতা দের।
শুক্রবার আদালতের শুনানিতে বিচারকের পর্যবেক্ষণ, “রক্ষকই যদি ভক্ষক হন, সমাজের কী হবে?” প্রশ্ন তোলেন, নিহত অভিজিতের মায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তদন্তকারী অফিসার (IO)-কে না জানিয়ে কেন যোগাযোগ করেছিলেন শুভজিৎ?
এছাড়াও, তৎকালীন সাব-ইন্সপেক্টর (SI) রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালতের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে 'সন্ত্রাস' এর অভিযোগ এনে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। বেলেঘাটার অভিজিৎ সরকারের নৃশংস হত্যা তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত। গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় অভিজিৎ কে। এমনকী তার অবলা পোষ্যদেরও রেহাই দেওয়া হয়নি।… pic.twitter.com/awE6ZgPn8X
— Suvendu Adhikari (@SuvenduWB) July 18, 2025
২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ছড়িয়েছিল হিংসা। সেই সময়েই অভিজিৎ সরকারকে গলায় তার পেঁচিয়ে এবং বেধড়ক মারধর করে খুন করা হয় বলে অভিযোগ। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
সিবিআই ইতিমধ্যে তিন দফায় চার্জশিট জমা দিয়েছে। সর্বশেষ চার্জশিটে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম রয়েছে। অভিযুক্ত তালিকায় রয়েছেন শুভজিৎ সেন ও রত্না সরকারও।