দিনভর বাংলায় শুনানি করছেন বিচারপতি বিশ্বজিৎ বসু, কলকাতা হাইকোর্টেও ভাষা দিবসের উদযাপন
বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি বসু নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আদালত সূত্রের খবর, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই গোটা দিন বাংলায় শুনানি চালানোর পরিকল্পনা করা হয়েছে।
শেষ আপডেট: 21 February 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা হাই কোর্টে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি ঘোষণা করেছেন, এদিন এজলাসে সমস্ত শুনানি বাংলাতেই হবে এবং আইনজীবীদেরও বাংলায় সওয়াল করতে হবে।
বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি বসু নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আদালত সূত্রের খবর, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই গোটা দিন বাংলায় শুনানি চালানোর পরিকল্পনা করা হয়েছে। সেই মতো, আজ, শুক্রবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাতে শুনানি প্রক্রিয়া চালাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সকাল থেকে এখনও পর্যন্ত অধিকাংশ মামলায় বাংলাতেই শুনানি করছেন তিনি। তবে যাঁরা বাংলা জানেন না, তাঁদের ক্ষেত্রে ইংরেজিতেই সওয়াল-জবাব শুনছেন তিনি।
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কলকাতা হাইকোর্ট এমনিতে একটি ‘প্রিমিয়ার চার্টার্ড কোর্ট’। এই আদালতের জন্মলগ্ন থেকেই মূলত ইংরেজিতে শুনানি চলছে এবং ইংরেজিতেই নির্দেশনামা লেখা হয়ে আসছে। শুধু কলকাতা নয়, সারা দেশের নিম্ন আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও সাধারণত ইংরেজিতেই মামলার শুনানি এবং রায় লেখা হয়।
এই পরিস্থিতিতে শুধুমাত্র বাংলায় শুনানি কীভাবে সম্ভব হবে হাইকোর্টে, তা নিয়ে কিছু প্রশ্ন উঠলেও, বিচারপতি বসুর এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন অনেকে।
কারণ এই সিদ্ধান্ত ভাষা দিবসের তাৎপর্যকে আরও গভীর করবে বলে মত আইনজীবী মহলের একাংশের। এমনিতেই বাংলা ভাষাকে আদালতের কাজে আরও বেশি জায়গা দেওয়ার দাবি বহুদিনের, সেই প্রেক্ষিতে বিচারপতি বসুর এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে।