
ফাইল ছবি
শেষ আপডেট: 16 April 2025 21:09
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের (RG Kar Doctor Death) ঘটনার ৯ মাস পেরিয়ে গেছে কবে। ইতিমধ্যে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজাও দিয়েছে আদালত। তবে নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) সেই রায়ে খুশি হননি। বরং তাঁদের বক্তব্য, বিচার এখনও বাকি। তাই বুধবার কনভেনশন (Convention) করে নতুন লড়াইয়ের ডাক দিলেন তাঁরা।
এতগুলি মাস অতিক্রান্ত হওয়ার পরে যখন মানুষের মধ্যে সংশয় দানা বাঁধছিল যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের পথ থেকে সরে যাচ্ছেন, ঠিক সেই সময়ই ফের কনভেনশন করলেন অনিকেত, দেবাশিস, কিঞ্জলরা। আরজি কর হাসপাতালেই সেই কনভেনশনের আয়োজন করা হয়েছিল। হলফ করে বলা যায়, এই কনভেনশন মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করবে।
কনভেনশন প্রসঙ্গে মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির জেরে যেমন আরজি কর মেডিক্যাল কলেজে নৃশংস ঘটনা ঘটেছে, তেমনই ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির চরম নিদর্শন। এই সর্বাত্মক দুর্নীতির বিরুদ্ধে মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে।
আরজি করের এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে, তাঁরা নির্যাতিতার নাম করে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন। জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা যে চিকিৎসক সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল তারাই মূলত এই অভিযোগ করেছিল। পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়। বুধবার এই কনভেনশনের মাধ্যমে সব খরচের হিসেব দিয়েছেন অনিকেত, কিঞ্জলরা।
মেডিক্যাল সার্ভিস সেন্টার বলছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নানা কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে, আন্দোলন-তহবিলের টাকার হিসেব জনসমক্ষে মিটিয়ে দিয়েছে। তাই সাধারণ মানুষও আশা রাখে এবং প্রশাসনের কাছে দাবি করে এই ঘটনার প্রকৃত খুনিরাও যেন কঠোর শাস্তি পায়।
জুনিয়র ডাক্তারদের এই কনভেনশনে উপস্থিত হয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মাও। শুরু থেকেই তাঁরা দাবি করে এসেছেন, এক সঞ্জয় রায় এই ঘটনার জন্য দায়ী নয়, আরও অনেকে আছেন। সেই কারণে নতুন করে তদন্তের জন্য আদালতের দ্বারস্থও হয়েছিলেন তাঁরা। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট তাঁদের মামলা শুনছে। কিন্তু তাঁদের কথায়, পূর্ণ বিচার তাঁরা কবে পাবেন, জানেন না।