
আরজি করে গণ কনভেনশনের মঞ্চ
শেষ আপডেট: 26 October 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো: নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর সংকল্প জুনিয়র ডাক্তারদের। শনিবার দুপুরে আরজি করে গণ কনভেনশনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। অনুষ্ঠান মঞ্চ থেকেই সংগঠনের তরফে পরিষ্কার করে দেওয়া হয়, লড়াই থেকে কোনওভাবেই পিছিয়ে যাবেন না তাঁরা।
এদিন আরজি করের জুনিয়র ডাক্তাদের অন্যতম মুখ অনিকেত মাহাতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পেশ করা চার্জশিটের কথা উল্লেখ করে বলেন, কেন শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী প্রমাণের চেষ্টা করা হচ্ছে? তিনি আরও প্রশ্ন তোলেন, একজন সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য রাজ্য প্রশাসন কেন উঠেপড়ে লেগেছে? এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, কেন এমন নারকীয় ঘটনা ঘটল তা জানতে চাই।
অনিকেত উপস্থিত দর্শকদের মনে করিয়ে দেন, 'আমরা একসঙ্গে এতটা পথ হেঁটেছি। আজ এখানে সবার মতামত খুব জরুরি। সবার কথা শুনতেই এখানে এসেছি।’
পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের শুনানির প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘শীর্ষ আদালতের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু আমরা শুনতে পাই, সেখানে আমাদের কর্মবিরতি নিয়েই আলোচনা চলছে। নির্যাতিতার সুবিচারের দাবি পিছনে থেকে যাচ্ছে।’
জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, চার বছর ধরে আরজি করে যে নারকীয়, অরাজকতার পরিবেশ তৈরি হয়েছিল। গণতান্ত্রিক কোনও পরিবেশ ছিল না। আজকের অনুষ্ঠানে যে সমস্ত প্রাক্তনীরা এসেছেন সবাই এটা জানেন। বিপ্লব দীর্ঘজীবী হোক। আমরা সুবিচারের দাবিতে যা করার সবটাই করব।
কিঞ্জলের কথায় উঠে আসে, প্রতিটি জায়গায় আমাদের কর্মসূচিতে বাধার সৃষ্টি হয়েছে। কল্যাণীতেও অনুষ্ঠান বাতিল হয়েছে। এদিন সেখানেও কনভেনশনের ডাক দিয়েছিল কলেজের রেসিডেন্ট ডক্টর্স সংগঠন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে কলেজ কর্তৃপক্ষর তরফে উদ্যোক্তাদের জানানো হয়, কনভেনশনের অনুমতি বাতিল করা হয়েছে।
জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার অভিযোগ তোলেন, ‘মুখ্যমন্ত্রী নবান্নের মিটিংয়ে বলছেন, আমরা নাকি উৎসবে বাধা দিয়েছি। কিন্তু এটা ঠিক নয়। আমরা উৎসবে কোনওভাবেই বাধা দিইনি। আমরা শুধু বলেছি প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেওয়া আমাদের কাছে উৎসব। আমরা উৎসবের মঞ্চ হিসাবে ধর্মতলাকেই বেছে নিয়েছিলাম। তাই সুবিচারের দাবি থেকে নজর সরানোর কোনও প্রশ্নই ওঠে না।’
তাঁর আরও অভিযোগ, 'থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিল যারা, নবান্ন সভাঘরে আমরা যাদের নটোরিয়াস ক্রিমিনাল বলেছিলাম, শুধু আরজি কর নয় প্রতিটি কলেজে তারা সিন্ডিকেট চালায়, তারা প্রেস ক্লাবে নতুন সংগঠন করেছে।'