
ন্যাশনাল মেডিক্যাল কলেজ
শেষ আপডেট: 30 September 2024 07:33
দ্য ওয়াল ব্যুরো: আবারও আক্রান্ত হলেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে ক্রমাগত চলা প্রতিবাদের মাঝেই ফের এমন ঘটনা ঘটল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগী এবং তাঁর পরিবারের সদস্যরা হুমকি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আরও একবার প্রশ্ন উঠে গেল হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে।
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় অভিযোগ, রোগী মদ্যপ ছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে হাসপাতালে এসে ডাক্তারদের সঙ্গে তিনি বচসায় জড়ান। জুনিয়র ডাক্তারদের প্রাণে মারার হুমকি দেওয়ার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়ার অভিযোগও উঠেছে। গোটা ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনায় আবারও তাঁদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ঠিক কী ঘটেছে?
রবিবার রাতে গভীর ক্ষত নিয়ে এক রোগী ও তাঁর পরিবারের লোকজন হাসপাতালে যান। হাতের ক্ষত গভীর হওয়ায় জরুরি বিভাগের ডাক্তাররা অস্ত্রপচারের পরামর্শ দেন। কিন্তু রোগীর দাবি ছিল, সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিতে হবে। তিনি অস্ত্রপচার করাবেন না।
জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানান, তা সম্ভব নয়। এরপরই সার্জারি এমার্জেন্সি রুমের সামনে শুরু হয় চরম বচসা এবং হুমকি দেওয়া। অভিযোগ, পুলিশকে ডাকা হলেও তারা অনেক পরে আসে এবং এলেও কার্যত নিষ্ক্রিয় ছিল। এই ঘটনায় বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরজি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তাররা বারবার নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন তাঁরা। যে কর্মবিরতির সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন তা সরকারি আশ্বাস পাওয়ার পর ওঠে। কিন্তু এখনও রাজ্যের তরফে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেই দাবি। তার মধ্যে শহরের আরও একটি মেডিক্যাল কলেজের এমন ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে জুনিয়র ডাক্তারদের মধ্যে। যদিও এর মাঝে কলকাতায় ডাক্তারদের হুমকি দেওয়ার ঘটনা আরও ঘটেছে।