
কিঞ্জল নন্দ - ফাইল ছবি
শেষ আপডেট: 22 November 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার পর যে আন্দোলন শুরু হয়েছিল তার অন্যতম মুখ জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। পথে নেমে স্লোগান দেওয়া থেকে শুরু করে, গণকনভেনশনে বক্তব্য রাখা, অবস্থান-বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, সব জায়গাতেই সামনের সারিতে দেখা গেছে তাঁকে। প্রতিবাদী চিকিৎসক হিসেবে তিনি বাকিদের মতোই চর্চায় থাকেন। তবে কিঞ্জলকে নিয়ে এবার কার্যত অসন্তুষ্ট সাধারণ মানুষের একটা বড় অংশ। কারণ সম্প্রতি একটি বিজ্ঞাপনে তাঁকে দেখা গেছে!
নির্যাতিতার হয়ে বিচার চেয়ে যে আন্দোলন শুরু করেছিলেন কিঞ্জল, অনিকেত, দেবাশিসরা তা যে এখন অনেকটাই ধামাচাপা পড়ে গেছে তা করছেন অনেকেই। ডাক্তারদের একাংশ এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত কারণ সামনে তাঁদের পরীক্ষা। অন্য অংশ কর্মসূচি করছে ঠিকই কিন্তু আগের মতো আমজনতার উৎসাহ ততটা নেই বলেই অনেকেই মত। এই পরিস্থিতি মধ্যে 'লাইট-ক্যামেরা-অ্যাকশনে' কিঞ্জলকে দেখে স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু করেছেন অনেকে। তাহলে কি আন্দোলনের অন্যতম মুখরাই বিচারের পথ থেকে সরে আসছেন?
একটি স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে দেখা গেছে কিঞ্জল নন্দকে। সেটা দেখেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ। প্রশ্ন তোলা হচ্ছে, যে আন্দোলনের শুরু তাঁরা করেছিলেন, যে আন্দোলনে সমাজের সবস্তরের মানুষ তাঁদের ডাকে একজোট হয়েছেন, সেই আন্দোলনকে তাঁরাই মাঝপথে ছেড়ে দিচ্ছেন কিনা। যদিও কেউ কেউ আবার বলছেন, আন্দোলন চলছে মানে ব্যক্তিগত কাজ করা যাবে না বা কর্মজীবনে ফেরা যাবে না, এমনটা নয়। আর সকলেই জানেন কিঞ্জল নন্দ শুধু ডাক্তার নন, একজন অভিনেতাও।