
ফাইল ছবি
শেষ আপডেট: 25 November 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগের দাবিতে বুধবার থেকে বিকাশ ভবনের অদূরে ধর্নায় বসেছিলেন চাকরিপ্রার্থীরা। আদালতের অনুমতি সাপেক্ষে এই বিক্ষোভ অনশন চলছিল। শনিবার দুপুরে ৭২ ঘণ্টা অতিক্রান্ত হতেই পুলিশ বিকাশ ভবনের সামনে থেকে চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়।
এরপরই চাকরি প্রার্থীদের একাংশ হাজির হয় হাজরা, রাসবিহারী এলাকায়। সেখানে রাস্তার ওপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ঘটনার জেরে শনিবার দুপুরে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে ইতিমধ্যে তিন হাজার চাকরিপ্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে। দ্বিতীয় দফায় কাউন্সেলিং চলছে। অন্তত হাজার ছয়েক চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হওয়ার কথা। আর যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁরা ফের বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন।
বিক্ষোভকারীরা জানাচ্ছেন, ২০১৪ সালের পরে গত ১০ বছরে উচ্চ প্রাথমিকে বহু স্কুলে শূন্য পদ তৈরি হয়েছে। কিন্তু সেই শূন্য পদগুলিকে ধরা হচ্ছে না। ফলে এখন যে কাউন্সেলিং হচ্ছে, তাতে উচ্চ প্রাথমিকের সমস্ত স্কুলের শূন্য পদ পূরণ হবে না। তা হলে কেন গেজেটের নিয়ম মেনে শূন্য পদ আপডেট না করে এই কাউন্সেলিং শুরু হল। সিট আপডেট না করার কারণেই অনেকেই ইন্টারভিউতে ডাক পাননি বলে দাবি তাঁদের। উচ্চ প্রাথমিকে শূন্য পদ আপডেট করেই নিয়োগ করা উচিত বলে মনে করছেন তাঁরা।
এই দাবিতেই আদালতের অনুমতি নিয়ে গত বুধবার থেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থানে বসেছিলেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য, দুর্নীতির কারণে ৮ বছর নিয়োগ পিছিয়ে যাওয়ায়, অনেকের বয়স চল্লিশ পেরিয়েছে। তাই তাঁরা আর ইন্টারভিউতে আবেদন করতে পারবেন না। তাঁদের দাবি, আপডেটেড ভ্যাকেন্সি বা বর্ধিত শূন্যপদে নিয়োগ করতে হবে।