সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের আটকে রাখা এবং পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে (Chinmoy Mondal) নোটিস পাঠায় বিধাননগর নর্থ থানার (Bidhannagar North Police Station) পুলিশ। বলা হয়, সোমবার বিকেল ৪টে নাগাদ তাঁকে হাজিরা দিতে হবে। জিজ্ঞাসাবাদ করা হবে সংশ্লিষ্ট অভিযোগগুলি নিয়ে।

চাকরিহারা আন্দোলনকারী চিন্ময় মণ্ডল
শেষ আপডেট: 26 May 2025 20:35
দ্য ওয়াল ব্যুরো: সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের আটকে রাখা এবং পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে (Chinmoy Mondal) নোটিস পাঠায় বিধাননগর নর্থ থানার (Bidhannagar North Police Station) পুলিশ। বলা হয়, সোমবার বিকেল ৪টে নাগাদ তাঁকে হাজিরা দিতে হবে। জিজ্ঞাসাবাদ করা হবে সংশ্লিষ্ট অভিযোগগুলি নিয়ে।
সেই মতো এদিন থানায় হাজিরা দেন চিন্ময়। প্রায় এক ঘণ্টা ধরে একজন অফিসার জিজ্ঞাসাবাদ করেন বলে জানান তিনি। বলেন, "যাবতীয় কথোপকথনের ভিডিও রেকর্ড করে প্রচুর প্রশ্ন করা হয়। ঘটনার দিন আমার কী ভূমিকা ছিল, সেই নিয়েও জিজ্ঞেস করেন তদন্তকারী অফিসার। তিনি বলেন, 'আপনাকে তো দেখা গেছে হিংসা ছড়ানোর জন্য',আমি সোজা উত্তর দিয়েছি যে এমন কোনও ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না যে আমি হিংসা ছড়িয়েছি। আমার কী ভূমিকা ছিল, কী করেছি সবটাই খোলসা করে বলেছি।"
বিধাননগর নর্থ থানার পুলিশ সরকারি কর্মচারীদের আটকে রাখার বিষয়ে চিন্ময়ের দিকে আঙুল তুললে তিনি এর পাল্টা ব্যাখ্যা দিয়ে জানান যে, কিছুক্ষণ আটকে থাকাটাকে যদি অন্যায় মনে হয়, তাহলে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা আরও বড় ভুল। তিনি বলেন, "যাঁদের জন্য আজ জীবন-জীবিকা হারাতে বসেছি, সেটা কত বড় অন্যায় একবার যেন ভেবে দেখা হয়।"
চিন্ময় বলেন, পুলিশ তাঁকে জিজ্ঞেস করে, আইনি পথ তো আছে, কেন আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে। জবাবে তিনি জানান, "প্রথম থেকেই আন্দোলন করে চাকরি পাওয়া গিয়েছিল। যতটা যা হয়েছে আন্দোলন করেই। এমনি এমনি কিছু হয়নি।" রাস্তাই একমাত্র পথ বুঝিয়ে দিয়ে চিন্ময় এও জানিয়ে দেন, তাঁরা রাস্তাতেই থাকবেন।
প্রায় এক ঘণ্টার ওই জিজ্ঞাসাবাদের শেষে পুলিশ চিন্ময়ের কোর্টেই বল দেয় পুলিশ। প্রশ্ন রাখেন, এত কিছুর পর কি তাহলে চিন্ময়কে গ্রেফতার করা উচিত? আন্দোলনকারী শিক্ষক জানিয়ে দেন, "চাইলে এখনই গ্রেফতার করতে পারেন, কিন্তু আমার মতামত নিতে চাইলে বলব, আমি কোনও চোর, ডাকাত নই। একজন যোগ্য শিক্ষক হয়ে আমি এমন কিছু করিনি যাতে গ্রেফতার করা উচিত।"