পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তরুণীর মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। বর্তমানে অভিযুক্ত পলাতক।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 October 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক তরুণীর ফ্ল্যাটে ঢুকে অচৈতন্য করে ধর্ষণের (Student Rape) অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার আনন্দপুরে (Kolkata Rape Case)। অভিযুক্ত যুবক তরুণীর এক বান্ধবীর বন্ধু বলে জানা গিয়েছে। ঘটনার পর নির্যাতিতা বুধবার আনন্দপুর থানায় (Anandapur PS) লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তরুণীর মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। বর্তমানে অভিযুক্ত পলাতক।
পুলিশ সূত্রে খবর, ২১ বছরের ওই তরুণী ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা। আনন্দপুর থানার অন্তর্গত একটি ফ্ল্যাটে তিনি তাঁর এক বান্ধবীর সঙ্গে ভাড়া থাকতেন। দু’জনেই এলাকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী।
অভিযোগ, ২৬ সেপ্টেম্বর রাতে তরুণী এক বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ফ্ল্যাটে একাই ছিলেন তাঁর বান্ধবী। ভোরে বাড়ি ফিরে আসার পর সকালে ওই বান্ধবী তাঁর এক বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে সেই বন্ধুই অর্থাৎ অভিযুক্ত যুবক ফ্ল্যাটে এসে জানায়, বান্ধবী নাকি কিছু জিনিস ফেলে গিয়েছেন, সেগুলি নিতে এসেছে। সন্দেহ না করেই তরুণী দরজা খুলে দেন।
এরপর যুবক তাঁকে জোর করে কিছু খাবার খাওয়ায়, যাতে মাদক মেশানো ছিল বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তরুণী। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফেরার পর অভিযুক্ত তাঁকে ভয় দেখায় এবং ঘটনার কথা কাউকে না জানানোর হুমকি দেন।
পরে অভিযুক্ত নাকি তরুণীকে জোর করে ঝাড়খণ্ডে তাঁর বাড়িতে পাঠিয়ে দেয়। প্রথমে ভয়ে কিছু না বললেও পরে পরিবারের সদস্যদের সব জানান নির্যাতিতা। পরিবারের পক্ষ থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বুধবার তিনি আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই দিন রাতেই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক কলকাতারই বাসিন্দা। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে তরুণীর বান্ধবীর কোনও ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।