
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 11 December 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো: বাংলার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ৭ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার তদন্তভার পায় সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা এই ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ। সেই নিয়ে কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে। বিচারপতির মন্তব্য, সিবিআই হয়তো এই মামলায় তদন্তই করতে চায় না।
যে ব্যাঙ্কে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সেটি কলকাতার। আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী, ২০২২ সালে সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু তারপরও কোনও পদক্ষেপ নেয়নি সিবিআই বলেই দাবি। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, আর্থিক দুর্নীতিতে সেই ব্যাঙ্কের কর্মীরাও যুক্ত থাকতে পারেন। তাও সিবিআই কোনও পদক্ষেপ করছে না। এটা মানা যায় না।
এক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল সিবিআই। বলা হয়েছিল, ২০১৮ সাল থেকে রাজ্য সিবিআই তদন্তের ক্ষেত্রে যে সম্মতি ছিল তা প্রত্যাহার করে নিয়েছে। তাই রাজ্যের অনুমোদন দরকার। কিন্তু এই যুক্তি মানতে রাজি নয় আদালত। বিচারপতির প্রশ্ন, ''সিবিআই তদন্তেরও অনুমোদন রাজ্য কেন দেবে? সমস্ত মামলার তদন্ত হচ্ছে আর এই মামলায় বলা হচ্ছে রাজ্যের অনুমোদন প্রয়োজন? সিবিআইয়ের এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। এই মামলায় তারা তদন্ত করতে চায় না বলেই এই ধরনের অভিযোগ করছে।''
রাজ্য আবার সিবিআইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেছে, সিবিআই সমস্ত কিছুর রাজনীতিকরণ করছে। গোটা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব করেছে। সিবিআই এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাথমিক অনুসন্ধান করেছে কিনা তা জানিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।