
ফাইল ছবি
শেষ আপডেট: 18 February 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনার আগে বাঘাযতীনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় হরিয়ানার সংস্থার কর্তা অভিষেক নাগরার জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হল। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা পুরসভার সিনিয়র মিউনিসিপাল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রেশমি দাস এই নির্দেশ দিয়েছেন।
গত ১৪ জানুয়ারি কলকাতা পুরসভা হরিয়ানার সংস্থার কর্তা অভিষেক নাগরার নামে অভিযোগ দায়ের করেছিল। প্রথমে গ্রেফতারির পর তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছিল কলকাতা পুরসভার আদালত। গত ১০ তারিখ তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। এদিন সেই মেয়াদ বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি করা হল।
বাঘাযতীনে হেলে পড়া বহুতলের ঘটনায় ওই সংস্থার কর্ণধারকে নেতাজি নগর থানার পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশ জানিয়েছিল, নিরাপত্তার কথা মাথায় না রেখেই কাজ করা হচ্ছিল বাঘাযতীনে। সুভাষ রায়ের নেতৃত্বে লিফ্টিংয়ের কাজ চলছিল। যার ফলে এত বড় ঘটনা ঘটে। ওই বহুতলটি শুধু ভেঙে পড়ে এমন নয়। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি বাড়িও। এপর্যন্ত বহুতলটির কোনও অনুমোদিত প্ল্যান পাওয়া যায়নি।
সম্প্রতি ট্যাংরার ক্রিস্টোফার রোডের হেলে পড়া দুই আবাসনের প্রোমোটারের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১১/২ ক্রিস্টোফার রোডের সবুজ বাড়ির প্রোমোটার ছিলেন রজত লি এবং পাশের সাদা বাড়ির প্রোমোটার ছিলেন সুরজিৎ মান্না। গত ২২ জানুয়ারি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। সেই ঘটনাতেই গ্রেফতারির পর জেল হেফাজত হয় তাঁদের।