
শেষ আপডেট: 30 August 2024 13:25
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর অনুদান ফিরিয়েছে জেলার একাধিক ক্লাব। এবার খাস কলকাতার নামজাদা ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান নেবে না বলে জানিয়ে দিল। গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব কর্তৃপক্ষের সাফ দাবি আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তারা সরকারি অনুদান নিচ্ছে না।
জনপ্রিয় এই পুজো কমিটির কর্তা কংগ্রেস নেতা মহম্মদ মোক্তার শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছেন নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে এই অনুদান প্রত্যাখ্যান করছেন তাঁরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা দেখলাম মাকে আনার জন্য সরকার ৮৫ হাজার টাকা করে দিচ্ছে, কিন্তু বিসর্জনের জন্য ১০ লাখ টাকা। সবাই আলোচনা করে ঠিক করেছি এই অনুদান আমরা নেব না।’’
এর আগে হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-র বহু ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার পুজো কমিটির নাম।