বুধবার সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি দোকানে আগুন লাগে। উত্তুরে হাওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ।

কলকাতায় অগ্নিকাণ্ড
শেষ আপডেট: 14 January 2026 12:37
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত সময়ে কলকাতায় অগ্নিকাণ্ড (Fire broke out at BB Ganguly street)। বুধবার সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি দোকানে আগুন লাগে। উত্তুরে হাওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। পরপর দোকানগুলিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে স্থানীয় দোকানে আগুন লাগে (Fire broke out at BB Ganguly street)। সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই হাওয়ার কারণে দ্রুত আগুন পরপর দোকানে ছড়িয়ে যায়। দমকলের একাধিক ইঞ্জিন এলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুনের উৎসস্থল খুঁজতে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের।
দাউ দাউ করে জ্বলছে একই বিল্ডিংয়ের তিনটে দোকান। প্লাস্টিক, প্লাইউড-সহ বিভিন্ন দাহয় পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অনুমান দমকলের।
ঘটনাস্থলের আশপাশের বহুতলেও আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। ইতিমধ্যেই আতঙ্কে বাড়ির বেরিয়ে এসেছেন বাসিন্দারা। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ। দমকলের ভূমিকা নিয়েও অভিযোগ অনেকের। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।