তেঘরিয়ার কাছে একটি সরকারি এসি বাসে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে গ্রাস করে নেয় গোটা বাসটিকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন।

শেষ আপডেট: 8 September 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনের দুপুরে ভয়ায়বহ দুর্ঘটনা। তেঘরিয়ার কাছে একটি সরকারি এসি বাসে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে গ্রাস করে নেয় গোটা বাসটিকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন।
জানা গেছে, সোমবার দুপুরে বাসটিকে গ্যারেজ থেকে বের করা হয়। ভিআইপি রোড ধরে বিমানবন্দরের দিকে যাওয়ার কথা ছিল সেটির। কিন্তু সেইসময় হঠাৎ এসি বাসটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর দেওয়া হয় দমকলে। শীঘ্রই একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
যেহেতু বাসটি সবে গ্যারেজ থেকে বেরিয়েছিল, তাই ভিতরে কোনও যাত্রী ছিল না বলেই খবর। চালক ও কন্ডাকটরও সুরক্ষিত আছেন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের জেরে বাসের সম্পূর্ণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।
সম্প্রতি বিমানবন্দর এলাকায় বাসে আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছিল, বারাসত থেকে গড়িয়ার উদ্দেশে রওনা দেওয়া একটি সরকারি বাসে শর্টসার্কিটের কারণে আচমকাই আগুন লেগে যায়। সেইসময় বাসে
২০-২৫ জন যাত্রী ছিলেন।
দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দু'জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও কারও প্রাণহানি হয়নি বলেই শেষ জানা গেছিল।