ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে আগুনের মধ্য থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 17 December 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: শীতের সন্ধ্যায় নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড (New Town fire) ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। নিউ টাউনের ইকো পার্কের (Eco Park) কাছেই থাকা বাংলাদেশি কলোনিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তি জুড়ে।
জানা গিয়েছে, ওই এলাকায় শতাধিক ঝুপড়ি রয়েছে। তার মধ্যেই আগুন ধরে যাওয়ায় একের পর এক ঝুপড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে। চোখের সামনে ভস্মীভূত হয়ে যাচ্ছে ঝুপড়িগুলি। আগুনের ভয়াবহতায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রচুর পরিমাণে বাঁশ, ত্রিপল মজুত থাকা এবং দাহ্য কোনও পদার্থের উপস্থিতি থাকতে পারে বলেও অনুমান। তবে আগুনের মধ্য থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই বিস্ফোরণের শব্দে আতঙ্ক আরও বেড়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। বস্তিতে ঢোকার রাস্তা এবং ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের কাজ কঠিন হয়ে পড়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে।