
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 December 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো: ফের হাওড়ায় আগুন। হাওড়া ব্রিজের কাছে ফুল মার্কেটের ঢিল ছোড়া দূরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা যায়, পি ২১০ স্ট্যান্ড ব্যাঙ্ক রোড-এর কাছে একটি দোকানে আগুন লাগে। ঠিক কিভাবে আগুন লেগেছে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
ক'দিন আগেই বি গার্ডেন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নস্করপাড়া এলাকার একটি বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ওই ফ্ল্যাটে যেমন পরিবারের বাস তেমনই আবার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের মেসও রয়েছে। সেই মেসেরই একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধূপকাঠি থেকেই আগুন লাগতে পারে। যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনায় ফ্ল্য়াটের যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়। পুড়েছে প্রচুর প্রয়োজনীয় নথি।
গত মাসের মাঝামাঝি হাওড়ারই ফোরশোর রোডের একটি বিয়েবাড়িতে আগুন লেগেছিল। গঙ্গার ধারের 'হাওড়া ভবন' নামে একটি অনুষ্ঠান ভবনে বিয়ের জন্য তৈরি হওয়া একটি প্যান্ডেলের একাংশে আগুন লাগে।
আর রোববার আবারও হাওড়ায় আগুন লাগার ঘটনা ঘটল। এখনও যদিও কোনও হতাহতের খবর নেই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের পাশাপাশি হাত লাগিয়েছেন স্থানীয়রাও।