জোড়াবাগানের নামী মিষ্টির দোকানের কোয়ার্টারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক কর্মচারী। গলায় গভীর ক্ষতচিহ্ন, খুন না আত্মহত্যার চেষ্টা, ধন্ধে পুলিশ।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 October 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গুরামের কর্মচারী কোয়ার্টার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলেন এক কর্মী। তাঁর গলায় গভীর ক্ষত রয়েছে। ওই অবস্থায় দেখে মঙ্গলবার সকালে চমকে যান সহকর্মীরা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জোড়াবাগান এলাকার ব্যস্ততম অংশে দোকানের উপরের তলায় কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না কেউ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত কর্মীর নাম গৌতম প্রধান। বহু বছর ধরে তিনি গাঙ্গুরামে কাজ করেন। রবিবার সকালে কাজে না আসায় সহকর্মীরা বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনও সাড়া না মেলায় সন্দেহ হয়। পরে কর্মচারীরা উপরের কোয়ার্টারে গিয়ে বন্ধ দরজার ভিতর তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে গৌতমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আপাতত তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
আত্মহত্যা নাকি খুনের চেষ্টা তা বোঝা যাচ্ছে না। পুলিশের এক আধিকারিক জানান, 'ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে যা পাওয়া গেছে, কোনওটি সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত চলছে।'
প্রসঙ্গত, গাঙ্গুরাম কলকাতার অন্যতম প্রাচীন ও খ্যাতনামা মিষ্টির দোকান। এমন ঘটনায় দোকানের কর্মী ও স্থানীয়রা প্রবলভাবে হতচকিত। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।