
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই
শেষ আপডেট: 30 March 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টার মধ্যে ফের কলকাতা থেকে বেআইনি (Illegal Fire Arms) অস্ত্র উদ্ধার হল। প্রগতি ময়দান থানা এলাকার পর এবার আনন্দপুর (Anandapur)। এক মহিলা ও যুবকের থেকে মোট ১১টি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে। দু'জনকেই গ্রেফতার (Arrest) করা হয়েছে ইতিমধ্যে।
রোববার দুপুরে আনন্দপুরের নোনাডাঙা সবুজ সংঘের কাছে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকেই যুগলকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আজিজ মোল্লা (৩৬) ও ময়না মাজি। একজন হুগলির বাসিন্দা আর অন্যজন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের।
বিরাট অস্ত্র সম্ভার নিয়ে অভিযুক্তরা কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে বেশ কয়েকটি বাক্সের ভিতরে ওই আগ্নেয়াস্ত্রগুলি মজুত করা ছিল।
দু'জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে এসটিএফ। তবে শহর থেকে পরপর এত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বস্তুত, গত বছর নভেম্বরে শিয়ালদহ থেকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয় একজনকে। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি তো বটেই আজকের ঘটনা ধরলে মার্চেই মোট চার বার বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল।