Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডাক্তার যখন লেখক! বইমেলায় প্রকাশিত হল কৌশিক লাহিড়ীর তিন-তিনটি বই

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় একসঙ্গে তিনটি নতুন বই প্রকাশ করলেন ডাঃ কৌশিক লাহিড়ী। গল্প, প্রবন্ধ ও ত্বকবিজ্ঞানের ভিন্ন ধারার এই বইগুলি ঘিরে পাঠকমহলে আগ্রহ তুঙ্গে।

ডাক্তার যখন লেখক! বইমেলায় প্রকাশিত হল কৌশিক লাহিড়ীর তিন-তিনটি বই

ডাঃ লাহিড়ী

গার্গী দাস

শেষ আপডেট: 25 January 2026 15:48

দ্য ওয়াল ব্যুরো: এবারের কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) একসঙ্গে তিনটি নতুন বই নিয়ে হাজির হলেন লেখক ও চিকিৎসক ডাঃ কৌশিক লাহিড়ী (Dr. Koushik Lahiri)। কথাসাহিত্য, প্রবন্ধ ও জনপ্রিয় বিজ্ঞান—তিন ভিন্ন ধারার এই তিনটি বই একই সঙ্গে তাঁর সৃষ্টির পরিসর ও বহুমুখী প্রতিভার প্রমাণ। মেলার একাধিক স্টলে ছড়িয়ে থাকা এই বইগুলিকে ঘিরে ইতিমধ্যেই পাঠকমহলে কৌতূহল রয়েছে চোখে পড়ার মতো।

ডাঃ কৌশিক লাহিড়ীর নতুন ছোটগল্প সংকলন ‘নানা গল্প, জানা গল্প’ (Nana Golpo, Jana Golpo) বেরিয়েছে পেজেস প্রকাশন (Pages Publication) থেকে। স্টল নম্বর ৩৪৫ থেকে। প্রায় চার দশক জুড়ে লেখা ও প্রকাশিত ২৬টি ছোটগল্প নিয়ে তৈরি হয়েছে এই বই। গল্পগুলির কিছু পাঠকের চেনা, কিছু আবার তুলনায় অচেনা। তবে যাঁদের ঘিরে এই গল্পগুলি বোনা—আখ্যানের সেই চরিত্ররা প্রায় প্রত্যেকেই যেন নিজেরাই এক একটি সম্পূর্ণ গল্প। সংকলনের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে মুহূর্তের পর মুহূর্ত, মুখের পর মুখ—একটানা এক মানবমিছিল। কখন যে ‘নানা গল্প’-এর কোনও ‘জানা’ মুহূর্ত হঠাৎ অনন্তের দিকে ডানা মেলে দেয়, তা যেন লেখকেরও অজানা।

বইটির প্রচ্ছদ এঁকেছেন সেঁজুতি বন্দ্যোপাধ্যায় (Sejuti Bandyopadhyay)। আর প্রতিটি গল্পের আত্মাকে পেন্সিল ও ইরেজারে ধরে এনেছেন ডাঃ শুভ্রজ্যোতি ভট্টাচার্য (Dr. Shubrajyoti Bhattacharya)। এই ছবিগুলি কেবল অলংকার নয়, বইটির এক ধরনের অহংকারও বটে।

'দাঁড়াবার জায়গা' প্রকাশনে (Darabar Jayga Publication)পাওয়া যাচ্ছে কৌশিক লাহিড়ীর প্রবন্ধ ও গদ্যের বৃহৎ সংকলন ‘যতখানি, ততখানি’ (Jatokhani, Tatokhani)। ৪৫৬ পৃষ্ঠা, প্রায় সোয়ালক্ষ শব্দে গাঁথা এই বইয়ে রয়েছে মোট ৯৬টি লেখা। কোথাও স্মৃতিমাখা স্বগতোক্তির উষ্ণ, নরম বালাপোষ, কোথাও আবার করোনা-পর্বের কুয়াশাঘেরা হিম দিনলিপি। নাটক, চলচ্ছবি ও বই পর্যালোচনার পাশাপাশি রয়েছে সমকালীন রাজনৈতিক-সামাজিক বাস্তবের নির্মোহ উন্মোচন। আর সব কিছুর মধ্যেই আছেন চিরপথের সঙ্গী রবীন্দ্রনাথ (Rabindranath Tagore)। ব্যক্তিগত থেকে সামষ্টিক, বাস্তব থেকে রূপক, ইতিহাস থেকে বর্তমান—বিপুল এই গদ্যসম্ভার নানা ধারায় প্রবাহিত। বইটির অগ্রপ্রচ্ছদ এঁকেছেন ডাঃ শুভ্রজ্যোতি ভট্টাচার্য, অলংকরণ করেছেন ডাঃ অলোক মজুমদার (Dr. Alok Majumdar)। তুলি, কলম, স্কেচপেন আর পেন্সিলে দু’জনেই যেন আলাদা আলাদা ম্যাজিক দেখিয়েছেন।

তৃতীয় বইটি পাওয়া যাচ্ছে আজকাল প্রকাশনের (Aajkal Publication) স্টলে, ১৯৯-এ। বইটির নাম ‘ত্বক Talk’ (Twak Talk)। মনখারাপের সঙ্গে ত্বকের সম্পর্ক কী, ওয়াক্সিং বা স্ট্রেটনিং কতটা নিরাপদ, ট্যাটু করানোয় ঝুঁকি কোথায়, রাতে সানস্ক্রিন আদৌ দরকার কি না, কিংবা গালের দাগের সঙ্গে লিভারের কোনও যোগ আছে কি না—এমন বহু প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় এই বই। আড্ডার মেজাজে, সহজ ভাষায়, যুক্তির আলোয় ত্বক ঘিরে নানা রহস্য ও রোমাঞ্চ উন্মোচিত হয়েছে এখানে। একের পর এক ভ্রান্ত বিশ্বাসের গোড়ায় আঘাত করে এলোমেলো করে দেয় ত্বক নিয়ে গড়ে ওঠা বহু সংস্কার। এই বইটির মুখবন্ধ লিখেছেন প্রবাদপ্রতিম চিকিৎসক ডাঃ সুকুমার মুখার্জি (Dr. Sukumar Mukherjee)।

সব মিলিয়ে, এবারের বইমেলায় কৌশিক লাহিড়ীর এই তিন বই শুধু নতুন প্রকাশ নয়—পাঠকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কথোপকথনের আরও এক বিস্তৃত অধ্যায়। গল্প, গদ্য আর ত্বকের বিজ্ঞান—তিন দিক থেকেই মেলার ভিড়ে আলাদা করে নজর কাড়ছে এই প্রকাশগুলি।


```