
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 28 March 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: নিজের নাচের স্কুলের অনুষ্ঠানের জন্য লন্ডনে রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তবে সেখান থেকেই কলকাতা পুলিশে (Kolkata Police) অভিযোগ জানালেন তিনি। সৌরভ-পত্নীর দাবি, তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে! ঠিক কী কারণে এমন অভিযোগ আনলেন ডোনা, আর কার বিরুদ্ধেই বা আনলেন?
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর সঙ্গেও দেখা করেছেন ডোনা-সৌরভ। এরই মধ্যে কলকাতা পুলিশে বড়সড় নালিশ জানিয়েছেন ডোনা। কলকাতার বাসিন্দা এবং মহিলার বিরুদ্ধেই অভিযোগ তাঁর। ওই মহিলা নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর বলেই দাবি করেন। আর সম্প্রতি গঙ্গোপাধ্যায় পরিবারকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রের খবর, নিজেকে সৌরভ-ডোনার পাড়ার বাসিন্দা বলে দাবি করে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন। গঙ্গোপাধ্যায় পরিবারকে নিয়ে তাঁর গুচ্ছ অভিযোগ রয়েছে। সেইসবই তিনি ওই পোস্টে তুলে ধরেন। জানান, পাড়ার এক আনাজ বিক্রেতা অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য ৬ দিন ধরে সৌরভের বাড়িতে যাওয়া হয়েছিল কিন্তু সাড়া মেলেনি। এরই সঙ্গে সৌরভের বাড়ির ছবি, গাড়ির ছবিও পোস্ট করেন তিনি।
এই মহিলার সব অভিযোগ নস্যাৎ করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন ডোনা। তাঁর সাফ কথা, তাঁদের বিরুদ্ধে মিথ্যে ও অবমাননাকর পোস্ট করা হয়েছে। গাড়ির যে সব ছবি দেখানো হয়েছে সেটি তাঁর নয়। পরিবারের কারও গাড়িও নয়। ইচ্ছাকৃতভাবে তাঁর এবং সৌরভের ভাবমূর্তি সোশ্যাল মিডিয়া মারফৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সৌরভও ক্ষুব্ধ বলে জানিয়েছেন ডোনা।
এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই মহিলা আগের পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন। তবে দাবি করেছেন, গঙ্গোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে পোস্ট করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই ইস্যুতে তিনি পুলিশে কোনও পাল্টা অভিযোগ করেননি।