বৃহস্পতিবার থেকে সাত দফা দাবিতে বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্না চালাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা (SSC Deprived Teachers)। প্রায় ৫ দিন ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই নিয়েই এবার জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 19 May 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে সাত দফা দাবিতে বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্না চালাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা (SSC Deprived Teachers)। প্রায় ৫ দিন ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই নিয়েই এবার জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা।
সোমবার মামলা দায়ের করার অনুমতি চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
আবেদনকারীর দাবি, এই ধর্নার ফলে পুলিশি নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। যে কারণে স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনই একপ্রকার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এ ব্যাপারে বিচারপতি সৌমেন সেন জানান, পুলিশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অভিযোগ থেকে থাকলে আবেদনকারী যেন পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করেন। এক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়ের হতে পারে না।
বিচারপতি সেনের পর্যবেক্ষণ, অধিকাংশ ক্ষেত্রেই জনস্বার্থ মামলা হচ্ছে প্রচারের জন্য। সেখানে জনগণেরই স্বার্থ থাকে না। যদিও শেষ পর্যন্ত মামলাকারীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত।
এদিকে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের (Police Lathicharge) ঘটনায় এক চাকরিহারা শিক্ষক আগেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন। সোমবার পুলিশের অতিসক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়।
অভিযোগ, বিধাননগর উত্তর থানা নোটিস পাঠিয়ে আন্দোলনকারীদের হেনস্থা করছে। পুলিশের পদক্ষেপ চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেছেন আন্দোলনকারীদের একাংশ। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বুধবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।