.jpeg)
ফিরহাদ হাকিম।
শেষ আপডেট: 20 February 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেট পেশ হল। এদিন বাজেট পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। বাজেট পেশ হতেই স্পষ্ট হয়ে গেল যে গতবারের তুলনায় এবারের বাজেটে কলকাতা পুরসভার আর্থিক ঘাটতির পরিমাণ আরও বেড়ে গেছে।
বাজেট পেশ করতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম অবশ্য দাবি করেছেন, 'বিভিন্ন খাতে কলকাতা পুরসভার রাজস্ব আদায় বেড়েছে।' পুরসভার আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলেও দাবি করেছেন মেয়র।
তবে বিরোধীদের পাল্টা দাবি, মেয়র বিভ্রান্ত করছেন। পুরসভার কোষাগারে ইঁদুর ঢুকে গেছে, তারাই সব সাফ করে দিচ্ছে। স্রেফ বেআইনি পার্কিং থেকে যে টাকা উঠছে তার কোনও সীমা পরিসীমা নেই। পুরসভা সব জেনেও চোখ বুজে রয়েছে। এর পরে তো রয়েছে বাড়ি নির্মাণ বাবদ করের টাকা ইত্যাদি।
গত বছর কলকাতা পুরসভার বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ১১২ কোটি টাকা। এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। অর্থাৎ এক বছরে ঘাটতি পরিমাণ বাড়ল ২ কোটি ৭২ লক্ষ টাকা। স্বভাবতই এত বিপুল ঘাটতির পরও কীভাবে মেয়র রাজস্ব আদায় বৃদ্ধির কথা বলছেন তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
বিজেপির দাবি, এই বাজেট দিশাহীন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "বাজেটের নামে কলকাতাবাসীকে বুড়ো আঙুল দেখাল পুরসভা।" আরএ একধাপ এগিয়ে বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত বলেন, "কলকাতা পুরসভা এলাকার উন্নয়ন হবে কী করে! কলকাতা পুরসভার বাজেটের টাকা তো লক্ষ্মীর ভাণ্ডারে চলে যায়!"
তবে বাজেট পেশ করতে গিয়ে মেয়র জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজস্ব খাতে কলকাতা পুরসভার মোট আয়ের পরিমাণ ২৭৮৬.৫২ কোটি টাকা। সেখানে ব্যয় হয়েছে ২,৪৬৬.২২ কোটি টাকা। পুরসভার হাতে রয়েছে ৩২০.৩০ কোটি টাকা। একইভাবে ২৪-২৫ সালে বাজেটে রাজস্ব বাবদ মোট ৪,০০৮.৬৩ কোটি টাকা আয় হতে পারে। সম্ভাব্য ব্যয় হতে পারে ৩,৬৫৮.১৪ কোটি টাকা। অর্থাৎ সব কিছু ঠিকঠাক নিয়ম মেনে এগোলে পুরসভার হাতে থাকতে পারে ৩৫১.৪৯ কোটি টাকা।
বাজেটে মেয়র দাবি করেছেন, পুরসভা এলাকার বস্তি পরিষেবা, বাণিজ্যিক প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন এবং জল সরবরাহে জোর দেওয়া হচ্ছে।
সম্প্রতি কলকাতায় হেলে পড়েছে একাধিক বহুতল। ইতিমধ্যে বহুতল বিতর্কে রেশ টানতে খড়গপুর আইআইটির সঙ্গে কথা বলেছে রাজ্য। তাদের বিশেষজ্ঞদের নিয়ে গড়া হয়েছে নতুন কমিটিও। এখন থেকে যেকোনও বিল্ডিং প্ল্যান পাশ করাবে ওই কমিটি। তবে বাজেটে এ বিষয়ে আলাদা করে কোনও পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।