বিজেপি কালীগঞ্জের ফলাফল নিয়ে কার্যত তৃণমূলকে কটাক্ষ করেছে। তাঁদের বক্তব্য, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শাসক দল জিতবে এটাই স্বাভাবিক।

গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 24 June 2025 21:04
কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল (Kaligunj Elections) আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (TMC) জন্য বাড়তি অক্সিজেন। তবে এই ফল দেখে প্রথমে খুশি হলেও পরে বাকরুদ্ধ হয়ে পড়েন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। কারণ - বোমা ফেটে নাবালিকার মৃত্যু। তবে সেই ঘটনা বাদ দিলে রাজনৈতিকভাবে দেবাংশু কতটা খুশি হয়েছেন, তা জানিয়েছেন দ্য ওয়াল-কে (The Wall.In)।
বিজেপি (BJP) কালীগঞ্জের ফলাফল নিয়ে কার্যত তৃণমূলকে কটাক্ষ করেছে। তাঁদের বক্তব্য, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শাসক দল জিতবে এটাই স্বাভাবিক। পাশাপাশি গেরুয়া শিবিরের দাবি, কালীগঞ্জে বিজেপির হিন্দু ভোটের শতাংশ বেড়েছে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে বিজেপি। দাবি করা হয়েছে, কালীগঞ্জে ২০২৫ সালের ভোটে ৭৪ শতাংশ হিন্দুরা ভোট দিয়েছেন। এর পাল্টা দিয়েছেন তৃণমূল যুবনেতা। দ্য ওয়াল-এর সামনে রীতিমতো অঙ্ক কষে হিসেব দিয়েছেন দেবাংশু।
বিজেপি দাবি, বিগত তিনটি ভোটের নিরিখে এবার হিন্দুদের ভোট বেড়েছে কালীগঞ্জে এবং এটাই হবে ২৬-এর তৃণমূলের 'বাই বাই'-এর কারণ। কিন্তু গেরুয়া শিবিরের এই হিসেব যে কতটা ভুল তা হিসেব করে দেখিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দ্য ওয়াল-এর সামনে অঙ্ক কষে তিনি ব্যাখ্যা করে বলেন, ''একদম সহজ হিসেব করলে কালীগঞ্জে মুসলিম ভোটার ৫৭ শতাংশ এবং হিন্দু ভোটার ৪৩ শতাংশ। আর বিজেপি পেয়েছে ২৮ শতাংশ ভোট। যদিও ধরে নেওয়া যায়, সকল হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছেন তাহলে তার শতাংশ দাঁড়ায় ৬৫। তাহলে বিজেপির হিসেবে সেটা ৭৪ হল কী করে?''
এভাবেই হিসেব দিয়ে দেবাংশু এও দেখান যে গত লোকসভা নির্বাচনের থেকে বিজেপির ভোট শতাংশ তো বটেই, হিন্দু ভোটও কমেছে। তৃণমূল নেতার দাবি, গত নির্বাচনে ৩১ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি, অর্থাৎ হিন্দু ভোটের হিসেবে যদি ধরা হয় তাহলে ৭২ শতাংশ। এই পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, আদতে বিজেপির হিন্দু ভোটও ৩ শতাংশ কমেছে। এই অঙ্ক কষার পর দেবাংশু বিজেপি শিবিরকে তাঁদের শিক্ষা নিয়ে কটাক্ষ করেছেন। বক্তব্য, যারা এইসব হিসেব করছে তাদের অঙ্কের স্যারের সঙ্গে তিনি দেখা করতে চান।
তৃণমূল নেতা স্পষ্টত বলছেন, বিজেপি ভুয়ো দাবি করেছে। বরং তৃণমূলের ভোট শতাংশ বেড়েছে। এটাও কী করে সম্ভব হল? এই প্রশ্নের জবাবে দেবাংশুর ব্যাখ্যা - উত্তরপ্রদেশের ধাঁচে বিজেপির উগ্র হিন্দুত্ব বাংলার মানুষ ত্যাগ করছেন। পাশাপাশি, মানুষ বুঝতে পেরেছেন বিজেপির হিন্দুত্বে আদতে বাংলার-বাঙালিয়ানা মুছে যাচ্ছে। তাই তাঁরা এই রাজনৈতিক শিবিরকে প্রত্যাখ্যান করছেন। তবে এছাড়াও দেবাংশু এই সাফল্যের পিছনের কারণ হিসেবে একজনের নাম নিয়েছেন। তিনি - মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে কালীগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন দেবাংশু। তাঁর স্পষ্ট কথা, ক্ষমতা থাকলে তিনি দোষীদের গুলি করে মারার নিদান দিতেন। কিন্তু সেটা যেহেতু সম্ভব নয়, তাই তাঁদের কঠিনতম শাস্তি চেয়েছেন তিনি। জানিয়েছেন, সংবাদমাধ্যমে খবর পৌঁছনোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তবে বিজেপির নেতারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য মিথ্যে খবর রটিয়ে গেছে।