
ধর্মতলায় অবস্থানে জুনিয়র চিকিৎসকরা।
শেষ আপডেট: 4 October 2024 22:55
দ্য ওয়াল ব্যুরো: কর্মবিরতি প্রত্যাহার করলেও ফের নতুন করে অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার ঘড়ির কাঁটায় রাত ৮টা ১৫ মিনিট। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করলেও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে এদিন রাত থেকেই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে প্লাস্টিক বিছিয়ে অবস্থান শুরু করেছেন তাঁরা। ঘটনার জেরে পুজোর মধ্যে অবরুদ্ধ জনবহুল ধর্মতলার একাংশ।
২৪ ঘণ্টার মধ্যে দাবিদাওয়া পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। পাল্টা হিসেবে সিপিএম ও নকশাল সংগঠনের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটে কুণাল লিখেছেন, 'সকালেই লিখেছিলাম, কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে, পুজোর মুখে প্ররোচনামূলক নাটক করতে। মিলল তো?'
এব্যাপারে সকালে টুইটে কুণাল লিখেছিলেন, 'দুই সিপিএণ, নকশাল সিনিয়র এখন জুনিয়রদের বোঝাচ্ছেন আমরণ অনশন করতে। পুলিশ তুললে ছবিও হবে, কর্মসূচিও শেষ। সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক। কিন্তু অনশনে যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওঁরা করলে করুন। কেউ অসুস্থ হলে জুনিয়র, সিনিয়ররা দেখবেন। তাঁরা বুঝবেন।'
সকালেই লিখেছিলাম, কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে, পুজোর মুখে প্ররোচনামূলক নাটক করতে। মিলল তো? https://t.co/m5mrclX5ze
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 4, 2024
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, ধর্মতলায় মেট্রো চ্যানেলে শান্তিপূর্ণ মিছিলের মধ্যে ঢুকে তাঁদেরই এক সতীর্থকে টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে গেছে পুলিশ। মারা হয়েছে লাথিও। অভিযুক্ত পুলিশ কর্মীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এই দাবিতে ফের অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা।
এর আগে স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্না অবস্থানে বসতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। এবার ধর্মতলাতেও সেই প্রস্তুতি দেখা গেল। ইতিমধ্যে এসে পৌঁছেছে প্লাস্টিকও। আন্দোলনকারীদের তরফে জানানো হয়, রাস্তা না ঘিরে ডোরিনা ক্রসিংয়ের এক পাশে ধর্না অবস্থানের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তার আগেই পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা করল।
আন্দোলনকারীরা জানিয়েছেন, পুলিশের এই হামলার প্রতিবাদে এবং নির্যাতিতার বিচার-সহ বিভিন্ন দাবিতে এবার ধর্মতলার মঞ্চ থেকে লাগাতার অবস্থান চলবে।