বামনেতার অভিযোগ, অনিন্দ্য চৌধুরী নামে নিমতার এক ব্যক্তি তাঁর কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তন্ময় ভট্টাচার্য
শেষ আপডেট: 14 July 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বরানগর থানায় (Baranagar PS) অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)।
বামনেতার অভিযোগ, অনিন্দ্য চৌধুরী নামে নিমতার এক ব্যক্তি তাঁর কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর দাবি, এই ঘটনার ফলে তাঁর সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগপত্রে তিনি একটি ইউটিউব চ্যানেলের নামও উল্লেখ করেছেন, যেখানে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় ব্যাপক বিতর্ক দানা বাঁধে এবং দলের অন্দরেও ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা যায়। এমনকি অতীতেও তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠে এসেছে।
এ ব্যাপারে দ্য ওয়াল তন্ময়বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে স্পষ্ট করে বলে রেখেছিলেন, "যা বলার আইন বলবে, কোর্ট বলবে।" অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও জানান, তিনি এমন কিছু শোনেননি, জানেন না। দ্য ওয়ালকে বলেন, "সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে তা তো সবসময় আমি দেখি না! আমি কিচ্ছু জানি না। কিছু একটা দাবি করা হচ্ছে মানেই সেটাকে বিশ্বাস করতে হবে তাও নয়। একবার অভিযোগ এসেছিল, তখন দল তাঁকে সাসপেন্ড করেছিল। নতুন করে কী হয়েছে না হয়েছে জানা নেই।"
গত বছর ২৭ অক্টোবর তন্ময়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। তিনি অভিযোগ করেন, ওই দিন তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। বর্ষীয়ান সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ফেসবুক লাইভও করেন তিনি।
এরপরই নড়েচড়ে বসে সিপিএম। একবার নয়, দু'বার সাসপেন্ড করা হয় তাঁকে। এই অভিযোগ ওঠার পর, প্রেস বিবৃতি দিয়ে সিপিএম জানায়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়।
পরে সিপিএম নেতাকে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে বরানগর থানাও। ঘটনার প্রায় দেড়মাস পর গত বছর ডিসেম্বর মাসে সাসপেনশেন তুলে নেয় আলিমুদ্দিন। কিন্তু শেষরক্ষা হয়নি, শাস্তির মুখে পড়তেই হয়। ডিসেম্বর মাসে ফের তাঁকে সাসপেন্ড করে দল। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। সেই মেয়াদ শেষ করে দলের সদস্যপদ ফিরে পেতেই, আবার নয়া বিতর্কে বামনেতা।