
অভিযুক্ত মা-মেয়ে
শেষ আপডেট: 27 February 2025 21:31
দ্য ওয়াল ব্যুরো: কুমোরটুলি-কাণ্ডে (Kumartali Case) অভিযুক্ত ফাল্গুনী ঘোষ এবং তাঁর মা আরতি ঘোষকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত (Court)। আট জন আইনজীবী মিলে মক্কেলদের জামিনের আবেদন জানালেও বিচারক জানিয়ে দেন ১৩ মার্চ পর্যন্ত জেলে (Prison Cutody) থাকবেন তাঁরা।
বৃহস্পতিবার ট্রলিকাণ্ডে (Trolley Murder Case) মা-মেয়ের আইনজীবী জামিনের আবেদন করে জানান, আরতির ডায়বিটিস আছে। রক্তচাপের সমস্যার জন্য তাঁকে ইনজেকশনও দেওয়া হয়েছে। এজলাসে শুনানি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন আরতি।
অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য, নীল রঙের যে ট্রলিব্যাগ থেকে পিসিশাশুড়ি সুমিতা ঘোষের দেহ উদ্ধার হয়, তার চাবি মা-মেয়ের কাছে ছিল না। শারীরিক অসুস্থতা ও চাবির বিষয় খতিয়ে দেখে যেন তাঁদের জামিন দেওয়া হয়।
অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী শান্তময় বসু দাবি করেন, মধ্যমগ্রামের খুনের ঘটনা 'বিরলের মধ্যে বিরলতম'। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তিরও দাবি করবেন ভবিষ্যতে। সব পক্ষের কথা শুনে শেষ পর্যন্ত জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
মঙ্গলবার সকালে কুমোরটুলি ঘাটের কাছে ধরা পড়েন অভিযুক্ত ফাল্গুনী এবং তাঁর মা আরতি। তাঁদের কাছে একটি ট্রলি ব্যাগ ছিল। তার ভিতর থেকে উদ্ধার করা হয় এক মহিলার টুকরো টুকরো দেহ।
বস্তুত, খুন হয়েছে মধ্যমগ্রামে, আর দেহ লোপাটের জন্য বেছে নেওয়া হল কলকাতার কুমোরটুলি! কেন, এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এই ঘটনায় ধৃত মা-মেয়ে বিষয়টি নিয়ে পুলিশকে এখনও স্পষ্টভাবে কিছু জানাননি। তবে পুলিশের অনুমান, ধৃতদের সঙ্গে কুমোরটুলির যোগসূত্র রয়েছে। সে কারণেই এত জায়গা থাকতে, ঝুঁকি নিয়ে মধ্যমগ্রাম থেকে কলকাতায় এসেছিলেন তাঁরা।