
শেষ আপডেট: 27 December 2023 14:31
দ্য ওয়াল ব্যুরো: ‘ও চাঁদ সামলে রেখো জোছনাকে’ আজ হয়তো আর জোৎস্নাকে সামলে রাখা যাবে না। রাতের আকাশ আলোয় ভাসিয়ে বছরের শেষ পূর্ণিমার সবচেয়ে বড়, উজ্জ্বলতম চাঁদ দেখা যাবে আকাশে। শীতের এই পূর্ণিমার একটা গালভরা নাম আছে আমেরিকায়। একে বলে ‘কোল্ড মুন’। শীতের দীর্ঘ রাতের চাঁদকে সোহাগ করে এমন নামেই ডাকেন নেটিভ আমেরিকানরা।
ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীতে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে হয়েছিল সুকান্ত ভট্টাচার্যের। তবে আদিকাল থেকে গোটা দুনিয়ার কবি-শিল্পীদের চোখে চাঁদ আর পৃথিবীর সম্পর্ক রোমান্সে রঙিন। চাঁদ তার জ্যোৎস্নায় পৃথিবীর আকাশ ভরিয়ে দেয়। তাকে তো প্রতিদিন এত কাছে আমরা পাই না। পূর্ণিমার দিনেই মনে হয় পৃথিবীর অনেক কাছে চাঁদ আরও বড় ও উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। এ বছর অগস্টে জোড়া পূর্ণিমায় সুপারমুন দেখা গিয়েছিল। বছরের শেষ পূর্ণিমায় এবার চাঁদ হয়েছে ‘কোল্ড মুন’।
ঋতু ও তিথি ভেদে নানা নামে চাঁদকে ডাকা হয়। পিঙ্ক মুন, ব্লু মুন-চাঁদের নামের শেষ নেই। বিভিন্ন জনজাতি এই পূর্ণিমার চাঁদের বিভিন্ন নাম দিয়েছে বিভিন্ন সময়ে। সে রকমই অ্যালগোকুইন নামের এক জনজাতি দেওয়া নাম উলফ মুন। প্রবল ঠান্ডায় চাঁদনি রাতে খিদের জ্বালায় নেকড়েরা চিৎকার করে। সেই থেকেই নাম উলফ মুন। ডিসেম্বর মাসে এই উলফ মুনকেই ডাকা হয় ‘কোল্ড মুন’ নামে। জানুয়ারিতে আবার পূর্ণিমায় এই চাঁদকেই বলা হয় ‘স্নো মুন’।
রাতের আকাশ পরিষ্কার থাকলেই দেখা যাবে কোল্ড মুন। আজ ২৭ তারিখ রাত অবধি আকাশে জ্বলজ্বল করবে শীতের চাঁদ। সন্ধে সাড়ে ৭টার পর থেকেই উজ্জ্বল থালার মতো চাঁদ দেখা যাবে।
চাঁদ যে কক্ষপথ ধরে পৃথিবীর চারিদিকে ঘোরে তার আকার গোল নয়, উপবৃত্তাকার। আর এই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য সবসময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান থাকে না। যখন পৃথিবীর সবথেকে কাছে চাঁদ এসে পৌঁছয়, তখনই তাকে সুপার মুন বলে। অন্যদিকে চাঁদ ও পৃথিবীর দূরত্ব যখন সবথেকে বেশি হয়, তখন তাকে বলা হয় মাইক্রো মুন।
ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসে একটা সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়। তাই প্রতি মাসেই সুপার মুনের একটা আলাদা নাম থাকে। এ বছরও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা সুপার মুনের আলাদা নাম হয়েছে। জানুয়ারি মাসে বলা হয় উল্ফ মুন, ফেব্রুয়ারিতে বলা হয় স্নো মুন, মার্চে বলা হয় ওয়ার্ম মুন, এপ্রিল মাসের সুপার মুনের নাম পিঙ্ক মুন, মে মাসে বলা হয় ফ্লাওয়ার মুন, জুন মাসের নাম স্ট্রবেরি মুন, জুলাই মাসে একে বলা হয় বাক মুন, অগস্ট মাসের সুপার মুনের নাম স্টারজিয়ন মুন, সেপ্টেম্বর মাসের নাম কর্ন মুন, অক্টোবরে একে বলা হয় হান্টার্স মুন, নভেম্বরে এর নাম বিভার মুন ও ডিসেম্বরের সুপার মুনকে বলা হচ্ছে কোল্ড মুন।