
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 25 December 2024 22:49
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে সেজে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। প্রবেশদ্বারের সামনে রাখা ক্রিসমাস ট্রি। আলোয় আলোকিত সর্বত্র। মুখ্যমন্ত্রী সেই ছবি বড়দিনের সন্ধেয় শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ক্যাপশনে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আমার বাড়িও সেজে উঠেছে বড়দিনের মুহূর্তে। বড়দিনের আয়োজনে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। উৎসবের প্রতিটি দিন সকলের মঙ্গলময় হোক। বিশ্বপিতার কাছে এই প্রার্থনা আমার।' শেষে তিনি সকলকে শুভেচ্ছা জানান। লেখেন, 'সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভনন্দন।'
বড়দিনে ক্যারলে যোগ দিতে গতরাতে ব্র্যাবোর্ন রোডের পর্তুগিজ গির্জায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনায় যোগ দেওয়ার পাশাপাশি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য প্রশাসন ও পুলিশের কর্তা ব্যক্তিরাও। সেখানে পৌঁছে প্রথমে তিনি চারিদিক ঘুরে দেখেন তারপর প্রার্থনায় যোগ দেন। পৌঁছে যান সেন্ট পলস ক্যাথিড্রালেও। সেখানেও বিশেষ প্রার্থনায় সামিল হন।
দুর্গাপুজো হোক বা ইদ অথবা বড়দিন, তিলোত্তমায় বরাবর সমান গ্রহণযোগ্যতা পেয়েছে উৎসব। ধর্মের বেড়াজাল টপকে বড়দিন উপলক্ষ্যে আলোর সাজে সেজে ওঠে শহর। পার্কস্ট্রিট হোক বা বো ব্যারাক অথবা লেকটাউন, বড়দিন উদযাপনে মেতেছে বাঙালি। বরাবরের মতো তাতে সামিল হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্রিসমাস উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও সেজেছে পার্কস্ট্রিট।