
মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুনমুন সেন
শেষ আপডেট: 19 November 2024 20:59
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা প্রয়াত হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। অভিনেত্রীর এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুসংবাদ পাওয়ার পরই অভিনেত্রীর বাড়িতে যান তিনি। মুনমুনের স্বামীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।
অভিনেত্রীর বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''মুনমুন দিল্লিতে আছে। ও আসলে ওঁকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করব। মুনমুনের সঙ্গে আমার কথা হয়েছে। ও কিছুই জানত না।'' তাঁর স্বামী সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ''ভরতদা আমাদের খুব ভালবাসতেন। অমায়িক লোক ছিলেন। বিরাট বড় ক্ষতি এটা। আমি বলতে পারি, আমার এক আত্মীয়কে হারালাম।'' মুখ্যমন্ত্রী এও জানান, মুনমুনের সঙ্গে রাইমাও দিল্লিতে আছেন। কলকাতায় শুধু রিয়া তাঁর বন্ধুরা এবং পরিবাররে লোকজন রয়েছেন।
মুনমুন সেন কলকাতায় ফিরলে তাঁকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এও আশ্বাস দেন, সব ব্যবস্থা করে রাখা আছে যাতে শেষকৃত্যের কাজে কোনও সমস্যা না হয়। তিনি চেষ্টা করবেন মুনমুন সেনের সঙ্গে কথা বলার। তবে এই সংবাদে তিনি যে গভীর শোক পেয়েছেন তা জানান মমতা। বলেন, ভরত দেব বর্মা এমন কিছু অসুস্থ ছিলেন বলে তিনি শোনেননি। হঠাৎ করেই শরীর খারাপ করে।
৪৬ বছর আগে ভরত দেববর্মাকে (Moonmoon Sen's Husband Bharat Dev Varma) বিয়ে করে ত্রিপুরার রাজ পরিবারের বৌমা হন সুচিত্রা সেনের একমাত্র মেয়ে মুনমুন সেন। একবার এক সাক্ষাৎকারে ভরতকে বিয়ে নিয়ে মুনমুন সেন নিজেই জানিয়েছিলেন, ‘আমাদের প্রথম দেখা একটা বিয়ে বাড়িতে। আমার এক বান্ধবী নাসরিন আলিকে (তৎকালীন মিস ক্যালকাটা) ডেট করতে এসেছিল আমার বর্তমান স্বামী।’