কলকাতায় জমা জলে (Kolkata Heavy Rain) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি (CESC)।

ক্ষতিপূরণ ঘোষণা সিইএসসি-র
শেষ আপডেট: 25 September 2025 20:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় জমা জলে (Kolkata Heavy Rain) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি (CESC)। বৃহস্পতিবার এমনই ঘোষণা করা হয়েছে বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তরফে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তার দায় নিতেই হবে সিইএসসি-কে। পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চাকরি দেবে সরকার। কিন্তু অন্তত পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হোক। এদিন দেখা গেল, গোয়েঙ্কার সংস্থা বেছে নিয়েছে দ্বিতীয়টি।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল। টানা বৃষ্টিতে (Heavy Rain, Kolkata) প্লাবিত হয় শহরের একাধিক এলাকা। জলমগ্ন রাস্তাঘাট, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অন্তত ১০ জনের। এই মর্মান্তিক ঘটনায় নিহতর পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। একই সঙ্গে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন।
মঙ্গলবার, ভবানীপুরের ৭০ পল্লির শীতলা মন্দিরে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কড়া ভাষায় সিইএসসি-কে নিশানা করে বলেন, “এই মৃত্যুর দায় সিইএসসি-র। ওদের গাফিলতির জন্যই প্রাণ গেল এতগুলো। তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে।”
সেইসঙ্গে, মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন— “যদি সিইএসসি (CESC) মৃতদের পরিবারের কাউকে চাকরি না দেয়, তাহলে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে।”
কলকাতায় লাগাতার বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ক্ষোভ উগরে দিয়ে জানান, “প্রকৃতি আমাদের হাতে নেই। কিন্তু বিশ বছর ধরে ফরাক্কা ব্যারেজ, কলকাতা বন্দর ড্রেজিং হয়নি। বিহার-ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল এসে পড়ে আমাদের এখানে। সবটাই আমাদের সামলাতে হয়।”
সিইএসসি-র পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। জানিয়েছিলেন, “এখানে ব্যবসা করছে, আর পরিকাঠামোর আধুনিকীকরণ করছে রাজস্থানে! এখানে কাজ করছে না। কতবার বলেছি! বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে।” তবে একইসঙ্গে এও জানান, সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁর কথা হয়েছে। দুর্যোগের দু'দিন পর অবশেষে দেখা গেল, সিইএসসি মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ঘোষণা করল।