
শেষ আপডেট: 30 November 2023 10:34
দ্য ওয়াল ব্যুরো: এবার কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে হানা দিল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই কাউন্সিলরের বাড়িতে বৃহস্পতিবার সাতসকালে পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বুধবারই ধর্মতলায় শাহি-সভায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল অমিত শাহের মুখে। এরমধ্যেই বৃহস্পতিবার সকালে রাজ্যজুড়ে একাধিক জায়গায় সিবিআই তল্লাশি শুরু হল।
এদিন সকাল সকাল পাটুলি টাউনশিপ এলাকায় বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির সামনে পৌঁছে যান। গিয়ে বেশ কয়েকবার বেল বাজানোর পরেও দরজা খোলা হয়নি। জানা গিয়েছে, প্রায় ১৮ মিনিট তৃণমূল কাউন্সিলরের বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন গোয়েন্দারা। অবশেষে বাপ্পাদিত্যবাবু নিজে নীচে নেমে এসে সদর দরজা খুলে দেন। তারপর আধিকারিকদের নিয়ে উপরে চলে যান। সূত্র মারফত জানা গিয়েছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্তেই লক্ষ্মীবারের সকালে সিবিআই হানা দিয়েছে।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৃহস্পতিবার সকালে সিবিআই আধিকারিকরা গিয়ে প্রথমেই ঘিরে ফেলেন তৃণমূল কাউন্সিলরের বাড়ি। এরপর বেশ কয়েকবার বেল বাজানোর পর ভিতর থেকে এক মহিলা বেরিয়ে আসেন। তাঁকে গোয়েন্দারা নিজেদের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করেন, বাপ্পাদিত্য দাশগুপ্ত বাড়ি আছেন কিনা! জবাবে ওই মহিলা বলেন, তিনি ভোরবেলা বাড়ি ফিরেছেন। এখন ঘুমাচ্ছেন। এরপর তাঁকে দরজা খুলতে বলেন আধিকারিকরা। কিন্তু তারপরেও বেশ কিছুক্ষণ দরজা খোলেনি।
এদিকে সিবিআইয়ের গোয়েন্দারা লক্ষ্য করেন, বাপ্পাদিত্যবাবুর তিনতলা বাড়ি লাগোয়া আরও একটি বাড়ি রয়েছে। এবং দু’টো বাড়ির ছাদই একেবারে গায়ে গায়ে। আধিকারিকদের সন্দেহ হয়। বাড়ির নীচের দরজা না খুলে সেই ছাদ টপকে পালিয়ে যেতে পারেন তৃণমূল কাউন্সিলর। এই ভেবেই কেন্দ্রীয় বাহিনী বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে। তবে সেসব কিছুই হয়নি। প্রায় ১৮ মিনিট অপেক্ষার পর পার্থ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা নিজেই নেমে এসে দরজা খুলে দেন।
প্রাথমিকভাবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় শুধুমাত্র বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে নয়, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চলছে। কলকাতার বাইরে কোচবিহার, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা ম্যারাথন তল্লাশিতে নেমেছেন। উল্লেখ্য, সম্প্রতি দেখা গিয়েছে বিধায়ক তন্ময় ঘোষের তাঁর বাড়ি, চালকল-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইনকাম ট্যাক্স। এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি ও আরও একাধিক জায়গায় হানা দিল সিবিআই।
অন্যদিকে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ হানা দেন সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় জাফিকুল জড়িয়ে আছেন কি না, তার তদন্তেই ডোমকলে আসেন তাঁরা। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, জাফিকুলের সঙ্গে জীবনকৃষ্ণের বেশ ভাল সম্পর্ক। আপাতত তাঁকে জেরা করে আরও তথ্য জানার অপেক্ষায় গোয়েন্দারা।