
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 September 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সল্টলেকের এক হোটেল কর্মীকে ডেকে পাঠাল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলব পেয়ে এদিন সিজিও কমপ্লেক্সে আসেন ওই হোটেল কর্মী।
সিবিআই সূত্রে খবর, আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস কুমার পাণ্ডে সম্পর্কে বিশেষ খোঁজ খবর নিতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে ওই হোটেল কর্মীকে। কারণ তদন্তকারীরা জানতে পেরেছেন ওই হোটেলে ৯ অগস্ট উঠেছিলেন আশিস। ১০ তারিখ হোটেল ছেড়ে দেন।
আরজি করের ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কারও একার পক্ষে করা সম্ভব কিনা তা নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করছিলেন নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে চিকিৎসকদের একাংশও। প্রশ্ন উঠছিল, ধৃত সিভিক ভলান্টিয়র কি একাই ছিলেন নাকি ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকে! সেই রহস্য উদ্ঘাটিত হয়নি এখনও। এবার সল্টলেকের হোটেল কর্মীকে সিবিআই তলব করার খবরে সাড়া পড়ল।
আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের মোবাইল ফোনের কল রেকর্ডস নিয়ে বুধবার থেকেই তৎপর হতে দেখা গিয়েছে সিবিআইকে। বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। সুদীপ্ত রায়ের মোবাইল ফোনের কল রেকর্ডস ঘেঁটে সিবিআই জানতে পারে ঘটনার দিন আশিস পাণ্ডের সঙ্গে কথা হয়েছিল তাঁর। সুদীপ্তবাবু অবশ্য দাবি করেন ঘটনার পর টিএমসিপির ইউনিট সভাপতি হিসাবে আশিসকে সেদিন ঘটনাস্থলে যেতে বলেছিলেন।