গ্রেফতার দুই অভিযুক্তকে জেরা করে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন—এই টাকার গন্তব্যস্থল ঠিক কোথায় ছিল, কার নির্দেশে এত কোটি টাকা রাস্তায় নামল?

ফাইল ছবি।
শেষ আপডেট: 17 November 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: ভোটের ঢাক ঢোল বেজে উঠতেই বাংলায় যেন একের পর এক চমক। সোমবার সকালে নারায়ণপুরের (Narayanpur) আকাঙ্খা মোড়ে আচমকাই চোখ কপালে তুলে দিল এক গাড়ি। গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশিতে নেমে বেঙ্গল এসটিএফ (STF) উদ্ধার করল প্রায় পাঁচ কোটি টাকা (Five Crores)। বাজেয়াপ্ত হল গাড়ি, গ্রেফতার দু’জন—যার মধ্যে রয়েছেন গাড়ির মালিকও।
গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, নিউ টাউন দিক থেকেই টাকা আনা হচ্ছিল। কিন্তু কেন? কার জন্য? এই মোটা অঙ্কের উৎস সন্ধানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
এমন এক সময় এই টাকা উদ্ধার—যখন বাংলায় চলছে এসআইআর-এর চাপানউতোর, সামনে ছাব্বিশের ভোট, আর কিছুদিন আগেই রাজ্যে ঘুরে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ফলে পাঁচ কোটি টাকার হঠাৎ আবির্ভাব স্বভাবতই বাড়িয়েছে সন্দেহের আঁচ।
গত সপ্তাহেও কলকাতার তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানায় উদ্ধার হয়েছিল বিপুল অঙ্কের টাকা—পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। বেলেঘাটা-সহ শহরের নানা প্রান্তে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার এসটিএফ-এর হাতে ধরা পড়া অগাধ টাকার পাহাড় নতুন প্রশ্ন তুলছে—এবার কি ভোটের আগে নতুন কোনও চক্র সক্রিয়? নাকি অন্য কোনও দুর্নীতির ছায়া লুকিয়ে আছে?
উদ্ধার হওয়া গাড়ি থেকে তুলে আনা টাকার স্তূপ এখন তদন্তকারীদের টেবিলে। গ্রেফতার দুই অভিযুক্তকে জেরা করে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন—এই টাকার গন্তব্যস্থল ঠিক কোথায় ছিল, কার নির্দেশে এত কোটি টাকা রাস্তায় নামল?