বাজেয়াপ্ত ল্যাপটপ
শেষ আপডেট: 10 December 2024 09:53
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এর পাশাপাশি কল সেন্টারটিও সিল করে দেওয়া হয়ছে।
পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টিভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশি কম্পিউটার, ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করে বা আপডেট করে দেওয়া হবে, এই অছিলায় প্রতারণা করা হত।
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা বালিগঞ্জের মুলেন রোডে হানা দেয়। মূলত যা অভিযোগ, বালিগঞ্জের অফিসে বসে আমেরিকায় ফোন করে তারা সফটওয়্যার আপডেট করার নামে প্রতারণা করত। ল্যাপটপের কনট্রোল নিয়ে নিত। তারই সঙ্গে গিফট কার্ডের নামে টাকাও হাতিয়ে নেওয়া হত।
অতীতেও এই ধরনের কলসেন্টারের খোঁজ পাওয়া গিয়েছিল। যাতে এই ধরনের কার্যকলাপ বন্ধ করা যায় সেই জন্য যারা যারা এর মাথা তাদের খোঁজ নেওয়া হচ্ছে। আপাতত গ্রেফতার হওয়া ১৯ জনকে জেরা করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, ক'দিন আগেই আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিশ পাওয়া গিয়েছিল বিধাননগরে। গ্রেফতার করা হয় চক্রের তিন মাথাকে। পুলিশ সূত্রে খবর, দুবাইতে বসেই যাবতীয় প্রতারণার কারবার চলাতো তারা।