দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন এবং বাংলাদেশি বলে দাবি করে হামলা চালান।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 August 2025 08:41
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় (Kolkata) পড়ুয়াদের (Students) নিগ্রহের ঘটনা তাও আবার বাংলাদেশি সন্দেহে! শিয়ালদহ রেল ব্রিজের নীচে এক দোকানদারের সঙ্গে বচসার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) একদল ছাত্রদের 'বাংলাদেশি' (Bangladeshi) আখ্যা দিয়ে মারধর করা হয় বল অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে যান শিয়ালদহ ব্রিজের (Sealdah Bridge) নীচে এক দোকানে। সেখানে দাম প্রসঙ্গে তাঁর বচসা বাঁধে দোকানদারের সঙ্গে। অভিযোগ, দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন এবং বাংলাদেশি বলে দাবি করে হামলা চালান।
এরপর আক্রান্ত ছাত্র হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের নিয়ে ফের ওই দোকানে পৌঁছন। তখন আশপাশের একাধিক ব্যবসায়ী তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগও তুলেছেন পড়ুয়ারা। চারজন গুরুতর জখম হন। তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

এরপর ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার বাইরে বসেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বিগত কয়েক মাস ধরেই ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনা প্রশ্ন তুলে দিল যে - শহরেই আদতে বাঙালিরা সুরক্ষিত তো? এখন এটাই দেখার, শাসক শিবির এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেয় কিনা বা আদৌ কেউ গ্রেফতার হন কিনা।