মামলার কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন — জুনিয়র ডাক্তারদের একাংশকে হঠাৎ বদলি করা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত আদৌ বৈধ কি না।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 July 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের জুনিয়র ডাক্তারদের (RG Kar Junior Doctors) বদলি মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। অনিকেত মাহাতো (Aniket Mahato), আসফাকুল্লা নাইয়া (Asfakullah Naiya) এবং দেবাশিস হালদার (Debasish Haldar) - এই তিনজন চিকিৎসকের মামলায় রাজ্যের উচ্চ আদালত সাফ জানিয়ে দিল, মামলার শুনানি স্যাটে (SAT) নয়, চলবে হাইকোর্টেই। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়।
মামলার কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন — জুনিয়র ডাক্তারদের একাংশকে হঠাৎ বদলি (Transfer) করা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত আদৌ বৈধ কি না। অনিকেত মাহাতো-সহ কয়েকজন চিকিৎসক অভিযোগ করেন, এমডি, এমএস প্রশিক্ষণের মধ্যে থাকা অবস্থাতেই তাঁদের রাজ্য সরকারের তরফে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁরা কোনও নিয়মিত চাকরির আওতায় নন, বরং চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে তাঁদের ক্ষেত্রে বদলির প্রশ্নই ওঠে না।
এই প্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেন তাঁরা। পাল্টা রাজ্যের বক্তব্য, যেহেতু এই চিকিৎসকদের বেতন রাজ্য সরকার দেয়, তাই এই বিষয়টি স্যাটে (সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) শুনানি হওয়া উচিত। তবে সেই যুক্তি মানতে চায়নি হাইকোর্ট।
বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই মামলাগুলি কলকাতা হাইকোর্টেই চলবে এবং যাবতীয় শুনানি এই বেঞ্চেই হবে। বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের পদক্ষেপ গ্রহণের আগে রাজ্যের আরও ভাবনাচিন্তা করা উচিত। এতে আদালতের মূল্যবান সময় বাঁচে।
একই সঙ্গে আদালত আরও নির্দেশ দেয়, মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অনিকেত মাহাতো বা অন্য কোনও চিকিৎসকের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
এই রায়ের ফলে আপাতত বড় স্বস্তিতে অনিকেত মাহাতো এবং তাঁর সহকর্মীরা। আদালতের পর্যবেক্ষণে বদলি সংক্রান্ত সিদ্ধান্তে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেল।