নারকেলডাঙা থানার দুই পুলিশ আধিকারিক জামিনের আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। তবে এদিন বিচারপতি দীনেশ কুমার শর্মা স্পষ্ট বলেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 30 July 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো: কাঁকুড়গাছিতে (Kankurgachi) বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের মামলায় কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার (AC) ও তৎকালীন নারকেলডাঙা থানার অফিসার ইন চার্জ (OC) শুভজিৎ সেন-সহ মোট চার জনকে ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার সেই মামলার ফের শুনানি হল আদালতে।
নারকেলডাঙা থানার দুই পুলিশ আধিকারিক জামিনের আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। তবে এদিন বিচারপতি দীনেশ কুমার শর্মা স্পষ্ট বলেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এদিকে আদালতে এও জানান হয়েছে, প্রথমে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নিয়ে ২০২১ সালেই নতুন চার্জশিট দিয়েছিল। সেখানে ওসি শুভজিৎ সেনকে সাক্ষী দেখানো হয়।
বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছেন তৃণমূলের তিন নেতার। আদালতে জানান হয়েছে, ২০২৫ সালে নতুন করে চার্জশিট দিয়ে সিবিআই ওসি সহ তিন পুলিশ কর্মী ও বিধায়ক সহ তিনজনকে অভিযুক্ত করেছে। গত ১৮ জুলাই পুলিশ অফিসাররা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়।
১ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন এফআইআর-এর কপির ইংরেজি তর্জমা করে দিতে হবে মামলাকারীকে। এমনই নিদের্শ দিয়েছেন বিচারপতি দীনেশ কুমার শর্মা।