
খাস কলকাতায় রাস্তা খুঁড়তেই মিলল দেহ
শেষ আপডেট: 13 July 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় রাস্তা খুঁড়তেই মিলল দেহ। শনিবার উত্তর কলকাতার কাশী বোস লেনে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার করে। ঘটনাটিতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দিন কয়েক আগে ওই এলাকায় জল সরবরাহের জন্য কাজ করছিল কলকাতা পুরসভা। তখন খনন করা হয়েছিল রাস্তাটি। পুরকর্মীদের দাবি, মাটি দিয়ে ওই গর্ত বুজিয়ে ফেলা হয়। সেই সময় তারা সন্দেহজনক তেমন কিছু দেখতে পাননি। শনিবার এলাকার বাসিন্দারা পচাগন্ধ পান। তখনই স্থানীয় কাউন্সিলর সহ পুলিশকে খবর দেওয়া হয়। এদিন দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কাশী বোস লেন এবং বিধান সরণির ক্রসিংয়ে রাস্তা খননের সময়ে পচাগলা দেহটি উদ্ধার হয়।
পুলিশ সূত্রের খবর, ওই মহিলার পরনে ছিল টি শার্ট। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। উত্তর কলকাতার এমন ব্যস্ত এলাকায় কীভাবে ওই দেহটি এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেঠে। তবে দেহটি বেশি পুরনো নয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।